বাকপ্রতিবন্ধী শিশুটি কী দোষ করেছিল!
বাকপ্রতিবন্ধী শিশুটির নাম কালু (১৪)। প্রথমে তার গায়ে অকটেন দেওয়া হয়। তারপর লাগানো হয় আগুন। সেই আগুনে দগ্ধ হয় সে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনী স্টেশনের হাজী আবদুল করিম ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কালুর।এ ঘটনায় বুধবার শিশুর বাবা উপজেলার পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা গাড়িচালক সজল চৌধুরী রামু থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। অরুণ বড়ুয়া (১৫) নামে ফিলিং স্টেশনের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।থানা হেফাজতে থাকা অরুণের ভাষ্য, বুধবার ঘটনার সময় ফিলিং স্টেশনের মালিক সেখানে ছিলেন না। স্টেশন ভবনের ভেতরে কাজ করছিল অরুণ। জানালা দিয়ে দেখে, স্টেশনের অপর কর্মচারী রেজাউল করিম (২৫) একটি কৌটায় কিছু অকটেন নিয়ে কালুর শরীরে ছিটিয়ে দেয়। তারপর দেশলাইয়ের কাঠি জ্বেলে আগুন ধরিয়ে দেয় তার গায়ে। এতে কালু দগ্ধ হয়। কয়েকজন পরিবহন কর্মচারী এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।নিহত শিশুর পরিবারের সদস্যদের ভাষ্য, কালুর মামা ওই ফিলিং স্টেশনের তেলবাহী ট্রাকের সহকারী। মামার টাকায় নাশতা খেতে কালু মাঝেমধ্যে ওই ফিলিং স্টেশনে যেত। বুধবার যখন সে ওই স্টেশনে যায়, তার মামা তখন সেখানে ছিলেন না। এ সময় কালুকে ফিলিং স্টেশনের কার্যালয়ের পেছনে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি কারা কী কারণে ঘটায়, এ ব্যাপারে কিছু বলতে পারেননি তাঁরা।কালুর স্বজনেরা জানান, কয়েকজন পরিবহনশ্রমিক কালুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গতকাল কালু সেখানে মারা যায়।গতকাল কালুদের বাড়ি গিয়ে দেখা যায়, তার দাদি শোভা রানী চৌধুরী (৬৫) বিলাপ করে কাঁদছেন। তিনি বলেন, ‘আমার নাতি নিষ্পাপ। ও তো কথাও বলতে পারে না। কারও সঙ্গে ও বিবাদ করবে কীভাবে? এই বর্বরতার বিচার চাই।’ কালুর লাশ আনতে চট্টগ্রাম যাওয়ায় সজল চৌধুরীকে পাওয়া যায়নি।ফিলিং স্টেশনের মালিক শাহীনুর উদ্দিন বলেন, ‘বাকপ্রতিবন্ধী শিশুটির সঙ্গে কারও শত্রুতা থাকার কথা নয়। এমন ঘটনা কেন ঘটল, তা আমার বোধগম্য নয়।’মামলার তদন্ত কর্মকর্তা রামু থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দাহ্য পদার্থ ছিটিয়ে শিশুটির শরীরে আগুন দেওয়া হয়। রেজাউল পলাতক রয়েছেন।