বাকশাল না হলে ১৫ আগস্টের ঘটনা ঘটত না: নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন, ‘আমি পরিষ্কারভাবেই বলতে পারি, বাকশাল না হলে ১৫ আগস্ট (১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড) হতো না।...১৫ আগস্টের ঘটনার সঙ্গে আওয়ামী লীগের একটি অংশই জড়িত। অন্যদেরকে এই ঘটনার সঙ্গে দায়ী করা আত্মপ্রতারণার শামিল।’আজ সোমবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ্ মিলনায়তনে জামায়াত আয়োজিত এক আলোচনা সভায় নিজামী এসব কথা বলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডে জাতীয় চার নেতা হত্যার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘৩ নভেম্বর যদি না হতো, তাহলে ৭ নভেম্বর হতো না; ৭ নভেম্বর যদি না হতো, তাহলে পঞ্চম সংশোধনী হতো না, পঞ্চম সংশোধনী যদি না হতো, তাহলে বাকশালের জগদ্দল পাথর থেকে দেশবাসী মুক্তি পেত না, বহুদলীয় গণতন্ত্রও দেশে হতো না।’বঙ্গবন্ধুর বাকশাল গঠনের বিষয়ে জামায়াতের আমির বলেন, ‘আমার মন এখনো বলে, এটা তিনি (বঙ্গবন্ধু) স্বেচ্ছা করেননি। তাঁকে কিছু লোক ডান থেকে বাম থেকে এমন কিছু বলেছিল, যাতে তিনি এই পথে যেতে বাধ্য হয়েছিলেন।’সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল মামলা বিষয়ে নিজামী বলেন, পঞ্চম সংশোধনী নিয়ে দেশে গণভোট হয়েছে। পরে তা সংসদে অনুমোদন করা হয়েছে। তখন বিরোধী দল ছিল বর্তমানের ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারাও এই প্রক্রিয়ার সঙ্গে শরিক ছিল।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা বলেন, আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক দল ছিল না। আর শেখ মুজিব একদলীয় শাসন কায়েমের সময় আত্মহত্যার দলিলে সই করেছিলেন।আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, গণতন্ত্র, ইসলাম ও দেশ বিপন্ন হয়।পঞ্চম সংশোধনী বিষয়ে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ‘আদালত বড়, নাকি সংসদ বড়? সংসদের আইন আদালত বাতিল করে কি করে?’জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নূরুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।