বাকি খুনিদের যেভাবে ফেরত আনা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনধারণ, স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তা মানবাধিকারসমূহের মধ্যে অন্যতম। নিগ্রহ (পারসিকিউশন) থেকে রক্ষা পেতে অন্য দেশে আশ্রয়প্রার্থনা ও তা ভোগ আরেকটি মানবাধিকার (সর্বজনীন মানবাধিকার ঘোষণার ১৪ নম্বর অনুচ্ছেদ)। নিজ দেশে নিগ্রহের শিকার কিংবা নিগ্রহের ভয়ে অন্য দেশে আশ্রয় তথা সুরক্ষা (প্রটেকশন) দেওয়ার লক্ষ্যেই শরণার্থী আইনের বিকাশ। এর মূলে রয়েছে শরণার্থীর মর্যাদাবিষয়ক জাতিসংঘের সনদ, ১৯৫১ এবং তার অতিরিক্ত চুক্তি (প্রটোকল), ১৯৬৭। ১৯৫১ সালের মূল সনদে ব্যক্তিকে শরণার্থী হিসেবে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যে ভৌগোলিক ও সময়সীমাগত সীমাবদ্ধতা ছিল। ১৯৬৭ সালের অতিরিক্ত চুক্তি তা দূর করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ হত্যাকাণ্ডসংক্রান্ত মামলায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক ব্যক্তিদের রাজনৈতিক আশ্রয় তথা শরণার্থী হিসেবে সুরক্ষা পাওয়ার আইনি জটিলতা নিয়ে এ প্রশ্ন রয়েছে । এ ক্ষেত্রে সংশ্লিষ্ট জাতিসংঘ সনদ এবং যুক্তরাষ্ট্র ও কানাডার আইনকে বিবেচনা করতে হবে। শরণার্থীর মর্যাদাবিষয়ক জাতিসংঘ সনদ (১৯৫১) অনুসারে নিম্নোক্ত তিনটি বিষয়ের ওপর ভিত্তি করে কোনো একজন শরণার্থীর মর্যাদা পেতে পারেন: ১. জাতিগোষ্ঠী, ধর্ম, জাতীয়তা, নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যপদ কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে নিগ্রহের ভীতি; ২. যিনি নিজ দেশের বাইরে অবস্থান করছেন এবং ৩. যিনি নিজ দেশের নিরাপত্তা পেতে অপারগ অথবা অনিচ্ছুক অথবা নিগ্রহজনিত ভীতির কারণে সংশ্লিষ্ট দেশে ফেরত যেতে চান না। এ ছাড়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশসমূহ অঞ্চলভিত্তিক শরণার্থীবিষয়ক যে সনদ ও ঘোষণা গ্রহণ করেছে, তাতে শরণার্থীর সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে।আর কাউকে শরণার্থী হিসেবে ঘোষণা করতে পারে সংশ্লিষ্ট ব্যক্তি যে দেশে আশ্রয় তথা শরণার্থী মর্যাদার জন্য আবেদন করেছেন সেখানকার (সংশ্লিষ্ট) কর্তৃপক্ষ এবং ক্ষেত্রবিশেষে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বা ইউএনএইচসিআর। তাই এটা স্পষ্ট যে শুধু রাজনৈতিক নয়, অন্যান্য কারণেও ব্যক্তিবিশেষের নিগ্রহের শিকার কিংবা নিগ্রহে ভীত হতে পারেন এবং তার জন্য আশ্রয়প্রার্থনা তথা শরণার্থীর মর্যাদা লাভ করতে পারেন। বিভিন্ন দেশ তাদের নিজস্ব রাষ্ট্রীয় আইনের মাধ্যমে বিষয়টিকে পরিচালনা করে থাকে। যেমন, যুক্তরাষ্ট্র ও কানাডার শরণার্থীসংক্রান্ত আইনে শরণার্থীর সংজ্ঞা ১৯৫১ সালের সনদেরই অনুরূপ। তবে কোনো ব্যক্তি শরণার্থী হওয়ার অযোগ্য হবেন (এমনকি উপরোল্লিখিত কারণে নিগ্রহের ভীতি থাকা সত্ত্বেও) যদি তিনি শান্তির বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ অথবা মানবতার বিরুদ্ধে অপরাধ (আন্তর্জাতিক আইনের বর্ণনামতে) করে থাকেন; আশ্রয়প্রার্থনার দেশে আসার আগে যদি অন্যত্র গুরুতর অরাজনৈতিক (সিরিয়াস নন-পলিটিক্যাল) অপরাধ করে থাকেন; কিংবা তিনি যদি এমন কোনো কর্মকাণ্ডে জড়িত থেকে থাকেন, যা জাতিসংঘের উদ্দেশ্য ও নীতির বিরুদ্ধে। (শরণার্থীসংক্রান্ত সনদের ১ (এক) অনুচ্ছেদ)। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইন আরও স্পষ্ট। ১৯৮০ সালের শরণার্থীবিষয়ক আইন অনুসারে যে ব্যক্তি জাতিগোষ্ঠী, ধর্ম, জাতীয়তা, কোনো বিশেষ গোষ্ঠীর সদস্য কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে কোনো ব্যক্তিকে নিগ্রহ করায় অংশ নিয়েছেন অথবা এতদবিষয়ে আদেশ, উসকানি, সহায়তা করেছেন। যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট ঘালি বনাম আইএনএস (১৯৯৫) মামলায় নিগ্রহের যে সংজ্ঞা দিয়েছে তা হলো ‘the infliction of suffering or harm upon those who differ (in race, religion or political opinion) in a way regarded as offensive.’অর্থাৎ কাউকে যদি জাতিগোষ্ঠী, ধর্ম অথবা রাজনৈতিক মতাদর্শ প্রভৃতির কারণে এমনভাবে যন্ত্রণা দেওয়া হয় কিংবা ভোগান্তির শিকার করা হয়, যা অনভিপ্রেত বলে বিবেচিত হবে, তাই নিগ্রহ। আর এই নিগ্রহ হচ্ছে স্বাভাবিকভাবে সমাজে অনভিপ্রেত বলে বিবেচিত আচরণের চেয়ে চরমতম। তবে শরণার্থীর মর্যাদাবিষয়ক জাতিসংঘ সনদ নিগ্রহের কোনো সংজ্ঞা দেয়নি। কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন অ্যাক্ট (অভিবাসী ও শরণার্থী সুরক্ষা আইন) ২০০১ অনুসারে কোনো ব্যক্তি শরণার্থীবিষয়ক জাতিসংঘ সনদের ১ (ই) ও ১ (এফ) অনুচ্ছেদের বিধানমতে শরণার্থী হওয়ার অযোগ্য হলে কানাডার আশ্রয়প্রার্থনার ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে। ১ (এফ) অনুচ্ছেদের বিধান ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া এই আইন, মানবাধিকার তথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের কানাডার স্থায়ী বাসিন্দা হওয়া তথা প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। অথচ পত্রিকান্তরে প্রকাশিত খবর অনুসারে বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডিত পলাতক আসামি মেজর (অবসরপ্রাপ্ত) নূর চৌধুরী এখন কানাডায় অবস্থান করছেন। ইতিমধ্যে তাঁর আশ্রয়প্রার্থনাসংক্রান্ত প্রাথমিক আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তিনি তার বিরুদ্ধে আপিল করেছেন, যা এখন বিবেচনাধীন। এমতাবস্থায় নূর চৌধুরীর বাংলাদেশে প্রত্যাবর্তন এখন এক গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কানাডিয়ান কমিটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশের আহ্বায়ক ড. মোজাম্মেল এইচ খান বিষয়টি নিয়ে ইতিপূর্বে ঢাকা দি ডেইলি স্টার পত্রিকায় (২৮ অক্টোবর, ২০০৯) লিখেছেন। তাঁর ওই লেখায় তিনি দেখিয়েছেন:বন্দী বিনিময় (এক্সট্রাডিশন ট্রিটি) ছাড়াও আর কোন কোনভাবে কানাডা সরকার মি. চৌধুরীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে (তার বর্তমান অবস্থানের দেশ) কানাডা সরকারকে বোঝাতে হবে যে মি. চৌধুরী একজন দণ্ডিত অপরাধী। আর যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই (আপিলের সুযোগসহ) এ রায় এসেছে; যা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বহাল রেখেছেন।এ ক্ষেত্রে চলতি বছর ঢাকা সফর করা কানাডার বিরোধী লিবারেল পার্টির সংসদ সদস্য মিস মারিয়া মিনার বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, মি. চৌধুরীর প্রত্যাবাসনের বিষয়টি নির্ভর করছে বাংলাদেশ ও কানাডার দুই সরকারের ‘দরকষাকষির’ (নেগোসিয়েশন) ওপর (দি ডেইলি স্টার, ৪ ফেব্রুয়ারি, ২০১০)। একজন রাষ্ট্রনায়ক ও তৎকালীন প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারবর্গকে হত্যার মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিকে নিজ দেশে রাখার ঝুঁকি কানাডা সরকার কীভাবে নেয়, তা একমাত্র সময়ই বলে দেবে। শরণার্থীর সুরক্ষার মূল দর্শনও নিগৃহীতকে রক্ষা, নিগ্রহকারীকে নয়।লেখক  আইন ও মানবাধিকারবিষয়ক গবেষক ও বিশ্লেষক। বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন: তানজিম আল ইসলাম ও আফতাব উদ্দিন ছিদ্দিকী