বাকি চার বছরও সফলভাবে পার করতে চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার প্রথম এক বছর সফলভাবেই পার করেছে। এসব সফলতা ধরে রাখা এবং কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকলে তা সফলতায় রূপ দেওয়ার মাধ্যমে মেয়াদের বাকি চার বছর পার করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ।বর্তমান সরকার ছাত্র নামধারী ব্যক্তিদের গুন্ডামি বরদাশত করবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ছাত্র রাজনীতির নামে যে কর্মকাণ্ড চলছে, তা রাজনীতি নয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সরকারের এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। দলীয় সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারের এক বছরের কর্মকাণ্ড নিয়ে দলীয় মুখপত্র উত্তরণ নামে বিশেষ প্রকাশনা বের করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে এর মোড়ক উন্মোচন করেন সৈয়দ আশরাফসহ দলের অন্য নেতারা। এতে সরকারের নেওয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ তুলে ধরা হয়।সৈয়দ আশরাফ বলেন, সরকার যে এক বছর ভালোভাবে পার করে এসেছে, তা পত্রপত্রিকার জরিপেও উঠে এসেছে। তিনি একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এখন নির্বাচন হলে ৫৬ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা জানিয়েছে। গত নির্বাচনে আওয়ামী লীগ ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছিল। আর বিএনপির পক্ষে জনমত মাত্র ২৫ শতাংশ। গত নির্বাচনে তারা ভোট পেয়েছিল ৩২ দশমিক ৪৫ শতাংশ। অর্থাত্ এক বছরে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে, বিএনপির কমেছে।’এ ছাড়া দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষিতে উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া, বিডিআর হত্যাকাণ্ডের বিচার, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়ন, এশিয়ান হাইওয়েতে অন্তর্ভুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারের উদ্যোগের প্রশংসা এসেছে জরিপে।সৈয়দ আশরাফ বলেন, জরিপের ফলাফল সরকারের মৌলিক অর্জনের নির্দেশক। সরকারের এক বছরের কর্মকাণ্ড সম্পর্কে আওয়ামী লীগ নিজেও সমীক্ষা চালিয়েছে, তবে তা প্রকাশ করা হয়নি। পত্রিকায় প্রকাশিত জরিপের সঙ্গে আওয়ামী লীগের জরিপের মিল রয়েছে। ১৪ দলও সরকারের এক বছরের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছে।বিরোধী দলের বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ যেসব সাফল্যের কথা বলেছে, সেগুলো পত্রপত্রিকার জনমত জরিপে উঠে এসেছে। তথ্য-উপাত্ত রয়েছে তাতে। কিন্তু বিএনপির মহাসচিব সরকারকে ব্যর্থ বলেছেন কোনো তথ্য-উপাত্ত ছাড়াই। এটা তাঁদের রাজনৈতিক সংস্কৃতি। তথ্য-উপাত্ত দিয়ে বক্তব্য দেওয়ার জন্য তিনি বিএনপির মহাসচিবের প্রতি আহ্বান জানান।বিএনপির সংসদ বর্জনের বিষয়ে আশরাফ বলেন, জরিপে বিরোধী দলের সংসদ বর্জনের বিষয়টি ৮৮ শতাংশ মানুষ ভালোভাবে নেয়নি। বিরোধী দলের সাংসদেরা বেতন-ভাতা নিচ্ছেন, বিদেশ সফর করছেন, শুল্কমুক্ত গাড়ির জন্যও তদবির করছেন। তাঁরা তো কখনো বলেননি সংসদের সামনের সারিতে একটি আসন না বাড়ালে তাঁরা সে সুযোগগুলো বর্জন করবেন।সৈয়দ আশরাফ আরও বলেন, প্রথমে বিএনপির দাবি ছিল সংসদের সামনের সারিতে আসন বাড়ানো। এরপর একে একে যোগ হলো খালেদা জিয়ার বাড়ি ইস্যু, তারেকের মামলা প্রত্যাহার। এটা তো সংসদ বা স্পিকারের কাজ নয়। যেখানে গুরুতর দুর্নীতির অভিযোগে মামলা আছে, সেগুলো আদালতেই ফয়সালা করতে হবে।জনমত জরিপে ক্রসফায়ার সমর্থন পায়নি, দলীয়করণ সম্পর্কেও মানুষের নেতিবাচক মনোভাব পাওয়া গেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফ বলেন, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংবিধান ও আইনের শাসনের সমকক্ষ হতে পারে না। এসব হত্যাকাণ্ড বন্ধে চেষ্টা অব্যাহত আছে। তিনি বলেন, ‘আমরা সব ক্ষেত্রে শতভাগ সফল হয়েছি, তা বলিনি। জোট সরকারের দলীয়করণের প্রভাব এখনো রয়ে গেছে। তবে যেসব ক্ষেত্রে সফলতা আসেনি, সেগুলোতে সফল হওয়ার সর্বাত্মক চেষ্টা চলছে।’রাজনীতি ১/১১-এর আগের পর্যায়ে চলে গেছে—এমন কথা উঠছে। এ ব্যাপারে আওয়ামী লীগের বক্তব্য জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, এটা তাঁরা মনে করেন না। আবারও একটি ১/১১ আসুক, দেশে সামরিক শাসন চালু হোক—এমন যারা চায়, তারাই এ কথা বলছে।দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জানতে চাওয়া হলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতি দমনের বিষয়ে আন্তরিক ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা এটা সার্কাসে পরিণত করেছিল। বর্তমান সরকার পদ্ধতিগতভাবে দুর্নীতি দমনে কাজ করছে বলে জানান তিনি।প্রধানমন্ত্রীসহ সরকারের মন্ত্রীরা প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব দেবেন—এমন নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দ আশরাফ বলেন, নির্বাচন কমিশনে তাঁরা সেটা জমা দিয়েছেন। কমিশন চাইলে সেটা জনগণকে জানিয়ে দিতে পারে। আয়কর রিটার্নও নিয়মিত দিচ্ছেন। ভবিষ্যতে আয়ের হিসাব জনসমক্ষে দেওয়া হবে বলে তিনি জানান।সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুল মান্নান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নূহ-উল আলম, মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।নারী নেতৃত্ব নিয়ে ফজলুল হক আমিনীর দেওয়া বক্তব্য ও সংবিধানের পঞ্চম সংশোধনী সম্পর্কে প্রশ্ন করা হলে সৈয়দ আশরাফ বলেন, ‘কোন মৌলভি কী বলেছেন, সেটা দিয়ে সরকার চালানো যায় না। সরকার দেশকে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। জঙ্গিবাদ বা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার সুযোগ নেই এখানে।’ সংবিধানের পঞ্চম সংশোধনীসংক্রান্ত বিষয় উচ্চ আদালতে বিচারাধীন। আদালত ওই সংশোধনী বাতিল করে দিলে সেটা সংসদে তোলা হবে।