বাকৃবিতে ভর্তির আবেদনে কোনো কাগজপত্র লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে ছয়টি অনুষদে ভর্তি-প্রক্রিয়ায় আবেদন করার জন্য এ বছর কোনো কাগজপত্র জমা দিতে হবে না। ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা শুধু মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে কিছু তথ্য পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ে এ বছর এক হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটি এসব তথ্য জানায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব শিক্ষার্থী ২০০৮ বা ২০০৯ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক বা সমমান এবং ২০১০ বা ২০১১ সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে ন্যূনতম জিপিএ ৭.০ এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০ পেয়েছে এবং উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত এবং জীববিদ্যার প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপি ২.০ পেয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BAU <স্পেস> HSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রোল নম্বর <স্পেস> SSC পাসের সাল <স্পেস> কাঙ্ক্ষিত কোটার কি ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। তবে কোটায় আবেদন না করলে কোনো কি ওয়ার্ড লেখার প্রয়োজন হবে না। কোটাগুলোর কি ওয়ার্ড: FF: মুক্তিযোদ্ধার সন্তান হলে, HT: বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের আদিবাসী ও আদিবাসী না হলে, OT: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ছাড়া অন্য অঞ্চলের আদিবাসী হলে। খুদেবার্তা পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি বার্তায় আবেদনকারীর নাম ও একটি পিন নম্বর জানিয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি (টেলিটকের সার্ভিস চার্জসহ) ৫৫০ টাকা কাটার সম্মতি চাওয়া হবে। তখন সম্মতি জানানোর জন্য BAU <স্পেস> YES <স্পেস> PIN <স্পেস> আবেদনকারীর মোবাইল নম্বর (যেকোনো অপারেটরের) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য PIN নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে। ভর্তির সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bau.edu.bd) অথবা (http://bau.teletalk.com.bd) পাওয়া যাবে।কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগে ভর্তি কমিটির আহ্বায়ক ও মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল ওহাবের সভাপতিত্বে ভর্তি কার্যক্রমের কারিগরি দিক তুলে ধরেন কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মমিনুল হক। এ ছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, ভর্তি কমিটির অন্য সদস্য ও গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।