বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস নদীতে, ৪০ জন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোপালপুর ফেরিঘাটে গতকাল বুধবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এ সময় বাসে ৪০-৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। আটজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বাকিরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে আটটা) নিখোঁজ ছিল।বাসটি উদ্ধারে বরিশাল থেকে দমকলকর্মী ও ডুবুরিদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তাদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল।প্রত্যক্ষদর্শী ও বাসের বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চর কাউয়া বাসস্ট্যান্ড থেকে ‘মায়ের আঁচল-৩’ নামের একটি যাত্রীবাহী বাস গতকাল বেলা পৌনে তিনটায় বাকেরগঞ্জের দি সি রোড বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হয়। বিকেল চারটার দিকে বাসটি বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের গোপালপুর ফেরিঘাটে এসে পৌঁছলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাঙামাটি (গোমা) নদীতে পড়ে যায়।নদী সাঁতরে উঠে আসা যাত্রী বাবু সিকদার (২০) জানান, বাসে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিল। ছাদেও যাত্রী ছিল। বাসটি ফেরিঘাটে আসামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় ঘাটে ফেরি ছিল না।খবর পেয়ে বরিশাল থেকে দমকলকর্মী ও ডুবুরিরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। রাত সাড়ে সাতটার দিকে পুলিশের হাইওয়ে উদ্ধারযান ঘটনাস্থলে পৌঁছায়।দমকল বাহিনীর হাবিলদার আবুল বাশার জানান, প্রচণ্ড স্রোতের কারণে তাঁদের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে বাসটি যাতে দূরে সরে না যায়, সে জন্য তাঁরা রশি দিয়ে এটি পন্টুনের সঙ্গে বেঁধে রেখেছেন। তিনি জানান, উদ্ধারকাজ চালাতে গিয়ে মোজাম্মেল হক নামের একজন ডুবুরি আহত হন।ডুবুরি দলের অন্যতম সদস্য মো. গিয়াসউদ্দিন বলেন, ‘প্রচণ্ড স্রোতের কারণে আমি প্রথমে গাড়ির ভেতরে ঢুকতে পারিনি। কিন্তু পরে ঢুকে দেখি, গাড়িটির জানালা-টানালা ভাঙা। তবে ভেতরে কোনো লাশ পাইনি।’বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল আলম উদ্ধারকাজ তদারক করছেন। তিনি জানান, বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ হামজা রওনা হয়েছে। ৩০-৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে তিনি জেনেছেন।নিখোঁজ যাত্রীদের অনেক আত্মীয়স্বজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে। ঘটনার দীর্ঘ সময় পরও কাউকে উদ্ধার করতে না পারায় তারা ক্ষোভ প্রকাশ করে।