বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ২৭
ইরাকের রাজধানী বাগদাদের একটি ইন্টারনেট ক্যাফেতে গতকাল বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় দুই শিশুসহ ২৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়। গতকাল বৃহস্পতিবার রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, গতকাল বিকেলে বাগদাদের একটি বিপণিবিতানের তৃতীয় তলায় দুবাই ইন্টারনেট ক্যাফে নামের দোকানে হামলার ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের কারণে ওই ভবনটি কিছুটা ধসে পড়ায় অনেকে ভেতরে আটকা পড়ে। আটকা পড়াদের বের করে আনতে উদ্ধারকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়।হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে দেশটিতে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় প্রাদেশিক নির্বাচন সামনে রেখে এ হামলা চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।এর আগে গত সোমবার ইরাকের বিভিন্ন স্থানে কয়েক দফা বোমা হামলার ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়। এর মধ্যে নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থী ছিলেন।