বাগদাদে আত্মঘাতী হামলায় এক বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদের একটি ক্যাফেতে গতকাল বৃহস্পতিবার বোমা হামলার ঘটনায় আহতদের মধ্যে একজন বাংলাদেশি আছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই বাংলাদেশির নাম স্বপন। তাঁর বাড়ি বরিশালের গৌরনদীতে, বাবার নাম সাজিদ খান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যান্ড ওয়েলফেয়ার শাখার মহাপরিচালক সুলতানা লায়লা হোসেন আজ শুক্রবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, বাগদাদের তিনতলা ওই ক্যাফেতে মোট ছয়জন বাংলাদেশি কাজ করতেন। হামলার সময় ঘটনাস্থলে তিনজন বাংলাদেশি ছিলেন। তাঁদের মধ্যে স্বপন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় থাকা ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্স জিয়াদুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিবিসি বলছে, গতকাল রাতের ওই হামলায় দুই শিশুসহ ২৭ জন মারা গেছেন।