বাগদাদে ক্রমিক বোমা বিস্ফোরণে নিহত ২৬
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকায় আজ রোববার সকালে ক্রমিক বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৬ ইরাকি প্রাণ হারিয়েছেন। রয়টার্স জানায়, দোকান, রেস্তোরাঁ এবং ব্যস্ত সড়কে বোমাগুলো বিস্ফোরিত হয়। এখনো কেউ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ক্ষমতাসীন শিয়াদের দুর্বল করতে এ বছরের শুরু থেকে সুন্নি ইরাকিরা শিয়াবিরোধী অভিযান শুরু করেছে। প্রথম বোমাটি বিস্ফোরিত হয় কায়েরা এলাকার একটি দোকানে। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে কারাদা এলাকায়। এখানে অনেকগুলো রেস্তোরাঁ ও দোকানের ঠাসাঠাসির মধ্যে একটি গাড়িতে রাখা বোমা বিস্ফোরিত হয়। হাবিবিয়া এলাকার দোকানদার জুমা করিম বলেন, ‘একটি বায়ু শীতলীকরণ যন্ত্র কেনার জন্য যেই দাঁড়িয়েছি, অমনি বোমা ফাটল। মাটিতে ঝাঁপিয়ে পড়লাম। কয়েক মিনিট পর চোখ খুলে দেখি, চারদিকে অনেক মানুষ পড়ে আছে। তাদের অনেকেই মৃত। কেউ কেউ আহত।’গতকাল শনিবার ইরাকের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা আত্মঘাতী বোমা হামলায় নিহত হওয়ার পর আজ রোববার এ হামলা হলো। গত জানুয়ারি মাস থেকে দেশটির বিভিন্ন জায়গায় আত্মঘাতী বোমা হামলার সংখ্যা হুট করে বেড়ে গেছে। ইরাকের অধিকাংশ সুন্নি মুসলমানের ধারণা, তারা কোণঠাসা হয়ে পড়েছে। সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের এবং সংখ্যাগরিষ্ঠ শিয়াদের ক্ষমতা লাভের পর তাদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পরিমাণও অনেক বেড়ে গেছে। সাদ্দাম হোসেনকে উত্খাতের জন্য ২০০৩ সালে মার্কিন বাহিনী ইরাকে হামলা শুরু করে। ২০১২ সালে তারা নূরি আল মালিকির হাতে দেশটির কর্তৃত্ব ছেড়ে দিয়ে চলে যায়। নূরি শিয়া, সুন্নি ও আদিবাসী কুর্দদের নিয়ে একটি যৌথ সরকার গঠন করেছিলেন, কিন্তু তা শান্তি প্রতিষ্ঠায় খুব বেশি সফল হয়নি।