বাগদাদে বন্দুকধারীদের গুলিতে ২৪ জন নিহত
দক্ষিণ বাগদাদের সুন্নি মুসলিম অধ্যুষিত একটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে নারী, শিশুসহ কমপক্ষে ২৪ ব্যক্তি নিহত হয়েছে। এ সময় বন্দুকধারীদের পরনে ছিল ইরাকি সেনাবাহিনীর পোশাক। ইরাকি কর্তৃপক্ষ জানায়, তারা ওই গ্রামের তিনটি বাড়িতে আক্রমণ চালায়।বাগদাদের নিরাপত্তা দপ্তরের মুখপাত্র মেজর জেনারেল কাশেম আল-মুসাবি বলেন, আক্রমণকারীরা ওই হত্যাকাণ্ডের পর অন্তত সাত ব্যক্তিকে হাত পিছমোড়া করে বেঁধে জীবিত অবস্থায় রেখে যায়। পুলিশের একটি সূত্র জানায়, বন্দুকধারীরা শুক্রবার গভীর রাতে রাশিদ জেলার সুন্নি মুসলমান অধ্যুষিত সুফিয়া গ্রামে হামলা চালায়। ঘটনায় নিহত ব্যক্তিদের বন্দুকধারীরা প্রথমে হাতকড়া পরায় এবং পরে গুলি করে হত্যা করে।মোসাবি আরও বলেন, ‘ঘটনাটি বাগদাদের দক্ষিণে আলবুসাইফি এলাকায় ঘটেছে। সন্ত্রাসীরা গাড়িতে চড়ে হামলা চালিয়ে পাঁচজন নারীসহ কমপক্ষে ২৪ জনকে হত্যা করে।’ তিনি আরও বলেন, ‘আমরা সাতজনকে হাতকড়া পরা অবস্থায় জীবিত উদ্ধার করেছি।’একটি সূত্র জানিয়েছে, ১০ থেকে ১৫ জন বন্দুকধারী একটি ট্রাকে চড়ে এসে নিহত ব্যক্তিদের ওপর হামলা চালায়, কেননা তারা আল-কায়েদার বিরুদ্ধে সরকারকে সহযোগিতা করছিল।মুসাবি জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সন্দেহে কর্তৃপক্ষ ২৫ জনকে আটক করেছে। অন্য সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে তল্লাশি চালানোর জন্য এলাকাটি ঘিরে ফেলা হয়েছে।—রয়টার্স