বাগদাদে বোমা বিস্ফোরণে নিহত ২৮, সাতটি ভবন ধ্বংস
ইরাকের রাজধানী বাগদাদে আজ মঙ্গলবার বোমা বিস্ফোরণে ২৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৯৩ জন। এ ঘটনায় সাতটি ভবন ধ্বংস হয়ে গেছে। গত পাঁচ দিনে বিভিন্ন ঘটনায় রাজধানীতে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।এ ধরনের সহিংস ঘটনা বেড়ে যাওয়ায় দেশটির পার্লামেন্ট নির্বাচনের এক মাস পরও কারা ক্ষমতায় আসছে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। নির্বাচনের ফলাফল এখনো পুরোপুরি জানা যায়নি। এ ছাড়া কোয়ালিশন সরকার গঠনের আলোচনায় আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।উদ্ধারকর্মীরা বাগদাদের কেন্দ্রস্থলের আলাবি জেলায় বোমা বিস্ফোরণে ধ্বংস হওয়া তিনতলা একটি ভবনে বেঁচে থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা করছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটির নিচতলার একটি ক্যাফেতে ও অন্যান্য তলায় বেশ কিছু লোক জমায়েত হয়েছিল।একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘হঠাত্ আমরা একটি বড় ধরনের বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এতে ভবনটি ধসে পড়ে। বেশ কিছু লোক এখনো ধ্বংস স্তূপে আটকা পড়ে আছে।’বাগদাদের নিরাপত্তা মুখপাত্র মেজর জেনারেল কাশিম আল-মুসাবি এ বোমা হামলার জন্য আল-কায়েদা ও সাদ্দাম হোসেনের বাথ পার্টির সদস্যদের দায়ী করেছেন।মেজর জেনারেল কাশিম আল-মুসাবি বলেন, ‘আমরা যুদ্ধক্ষেত্রে অবস্থান করছি।’ যেকোনো সময় বড় ধরনের হামলা হতে পারে বলে তিনি সবাইকে সতর্ক করেছেন। রয়টার্স