বাগদাদে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৪
ইরাকের বাগদাদে সুন্নিদের একটি মসজিদে গতকাল রোববার আত্মঘাতী বোমা হামলায় ২৪ জন নিহত নিহত এবং ৩০ জন আহত হয়েছে। হাসপাতাল ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।আসরের নামাজ চলাকালে রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলের ঘাজালিয়া জেলার উম্মে আল কোরা মসজিদে ভিক্ষুকবেশে বোমা বহনকারী এক ব্যক্তি ঢুকে হামলা চালান।প্রত্যক্ষদর্শী আহমেদ আবদুল রাজ্জাক বলেন, আহতের ভান করে ভিক্ষুকবেশী লোকটি মসজিদের মূল প্রার্থনা এলাকায় ঢুকে পড়ে এবং নামাজ পড়া শুরু করেন। নামাজ শেষ হওয়ার পর পরই তিনি বিস্ফোরণ ঘটান।ইয়ারমোক হাসপাতালের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ওই হামলায় ২৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।সুন্নি ওয়েবসাইট সুন্নি এনডোমেন্টের প্রধান আহমেদ আবদুল গফুর আল সামারাই স্থানীয় একটি টেলিভিশনে বলেছেন, হামলাকারী তাঁর জন্যই অপেক্ষা করছিল। কিন্তু তিনি বেঁচে গেছেন। তবে সামান্য আহত হয়েছেন।