বাগদাদে সিরিজ বোমা হামলায় ৬৯ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের রাজধানী বাগদাদে গতকাল শুক্রবার এক সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৬৯ ব্যক্তি নিহত ও ১২০ জন আহত হয়েছে। মূলত শিয়া অধ্যুষিত এলাকাগুলোকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। গত সপ্তাহে মার্কিন বাহিনীর সহায়তায় ইরাকি সেনাবাহিনী দুজন শীর্ষ আল-কায়েদা নেতাকে হত্যা করার প্রতিশোধ হিসেবে এ হামলাগুলো পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরাকের স্বরাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল জুমার নামাজের সময় প্রায় ১৩টি বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে সারা বাগদাদ। শহরের শিয়া মসজিদসহ বাজার এলাকাগুলোয় চালানো হয় এসব রক্তক্ষয়ী হামলা। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলাটি চালানো হয় সদর সিটি এলাকায় শিয়া নেতা মোকতাদা আল সদরের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে মুসল্লিদের লক্ষ্য করে। এখানে পরপর তিনটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জন নিহত ও ৫৬ জন আহত হয়।ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি গতকাল শুক্রবার রাতে এ বোমা হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ইরাকি বাহিনীর হাতে দুজন আল-কায়েদা নেতা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে, যদিও এখন পর্যন্ত কেউ এসব হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি।নূরি আল মালিকি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের বাথ পার্টির ব্যাপারেও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ইরাকের জনগণকে বাথ পার্টির অনুসারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি অভিযোগ করেন, শিয়াদের ওপর হামলা করে এ দলটি আবার ইরাকের কর্তৃত্ব হাতে নিতে চাচ্ছে।