বাগদাদের গির্জায় জিম্মি নাটক, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৫২
জিম্মিদের উদ্ধারের উদ্দেশ্যে বাগদাদের একটি ক্যাথলিক গির্জায় ইরাকি নিরাপত্তা বাহিনীর অভিযানে ৫২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৫ জন জিম্মি বলে জানা গেছে। এ ছাড়া নিহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সাতজন ও জিম্মিকারীদের পাঁচজন রয়েছে বলে ইরাকের সরকারি সূত্রে জানা গেছে।আল-কায়েদার গ্রেপ্তারকৃত জঙ্গিদের মুক্তির দাবিতে গতকাল রোববার বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত ‘লেডি অব স্যালভেশন’ নামের এই ক্যাথলিক গির্জা শতাধিক মানুষকে জিম্মি করে বন্দুকধারীরা।এদিকে বাগদাদের স্থানীয় টেলিভিশন চ্যানেল আল বাগদাদিয়ায় টেলিফোন করে নিজেকে একজন জিম্মিকারী দাবি করে এক ব্যক্তি জানায়, এ জিম্মি ঘটনার উদ্দেশ্য ইরাককে ইসলামি রাষ্ট্র হিসেবে ঘোষণা করা ও আল-কায়েদার গ্রেপ্তারকৃত জঙ্গিদের মুক্তি। তবে এ জিম্মি নাটকের সঙ্গে বিদেশি আরব নাগরিক জড়িত রয়েছে বলে টেলিভিশন চ্যানেলটি দাবি করে।দিয়ালা প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় ২১ জন নিহত হওয়ার দুই দিন পরে এ জিম্মি নাটক সংঘটিত হলো।