বাগদার ঘেরে ভাইরাস, বাজারে মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেড়গজালিয়া গ্রামের আবু হোসেন একজন ক্ষুদ্র বাগদা চিংড়িচাষি। অন্যান্য বছর আষাঢ়-শ্রাবণ মাসে তাঁর সাত বিঘার চিংড়িঘেরের দ্বিতীয় ফসলটিও ঘরে চলে আসে। কিন্তু এ বছর ঘেরে চিংড়ি মিলছে না।আবু হোসেন জানালেন, বৈশাখ মাস থেকে শুরু করে দেড় লাখ টাকা দিয়ে তিন দফায় পোনা ছেড়েছেন। এখন ঘেরে মাছের খোঁজ নেই। এ পর্যন্ত মাত্র সাড়ে তিন হাজার টাকার বাগদা চিংড়ি বিক্রি করতে পেরেছেন।সম্প্রতি এই প্রতিবেদক ওই গ্রামে গেলে বাগদাচাষি মো. আসাদ শেখ বলেন, ‘৩০ বিঘার গলদাঘেরে সাড়ে চার লাখ টাকা খাটিয়েছি। মাছ বিক্রি করেছি মাত্র ৩০ হাজার টাকার। যা পাচ্ছি তা মরা, ভাইরাসে আক্রান্ত। বাজারে দামও কম। এ মৌসুমে আসল টাকা তোলাই দুঃসাধ্য।’বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শশীখালী এলাকার আরশাদ আলী শেখ প্রায় ১০০ বিঘা জমিতে ২২টি চিংড়িঘের করেছেন। তিনি বলেন, ‘৩০ লাখ টাকা বিনিয়োগ করে এবার এখনো ৫০ হাজার টাকার চিংড়ি বিক্রি করতে পারিনি।’বাগেরহাট জেলাজুড়ে এ বছর বাগদা চিংড়ি চাষের চিত্র এ রকমই। চাষিদের অভিযোগ, ভাইরাসে ব্যাপক হারে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। সেই সঙ্গে বাজারে দাম কমেছে কেজিপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। ফলে এখন তাঁদের মাথায় হাত। এ অবস্থায় বাগেরহাটে এবার বাগদা চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। তবে চিংড়িঘেরে ভাইরাসের আক্রমণ বিষয়ে চাষিদের এই অভিযোগের সঙ্গে সম্পূর্ণ একমত নয় বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্র এবং জেলা মৎস্য অধিদপ্তর।রামপাল উপজেলার ফয়লা গ্রামের মনির হোসেন বলেন, ‘প্রতিবছরই আমাদের ঘেরে ভাইরাসের সংক্রমণ ঘটছে। চাষিরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। কিন্তু মৎস্য বিভাগ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না।’মোরেলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম নিজে একজন বাগদাচাষি। তিনি বলেন, তাঁর ইউনিয়নের অধিকাংশ বাগদাঘের ভাইরাসে আক্রান্ত হয়েছে। এলাকার অনেক চিংড়িচাষি ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে চিংড়ির চাষ করেছেন। কাঙ্ক্ষিত উৎপাদন না হওয়ায় এবং বাজারে দাম কমে যাওয়ায় এসব চিংড়িচাষিরা ঋণের টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।তবে চিংড়িঘেরে ভাইরাসের সংক্রমণ বিষয়ে চাষিদের এই অভিযোগের সঙ্গে সম্পূর্ণ একমত না বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্র ও জেলা মৎস্য অধিদপ্তর। বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, ভাইরাস না বরং চিংড়িঘেরের পরিবেশগত কারণেই ঘেরের বাগদা বেশি মারা যাচ্ছে। চলতি মৌসুমে এ জেলায় বৃষ্টিপাত কম হওয়া এবং ঘেরের পানিতে লবণাক্ততা কমে যাওয়ায়ও রেণু অবস্থায় চিংড়ি বেশি মারা গেছে। তিনি চাষিদের সচেতন হয়ে পোনা, ঘেরের মাটি, পানি ও লবণাক্ততার মাত্রা পরীক্ষা করে পরিকল্পিতভাবে চিংড়ি চাষের পরামর্শ দিয়েছেন।বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা চিংড়িঘেরগুলোতে কমপক্ষে তিন ফুট পানি রাখতে কৃষকদের পরামর্শ দিই। কিন্তু চাষিরা পরামর্শ শোনেন না। ঘেরে খাবার ব্যবহারেও তাঁরা সতর্ক না। তাঁরা হ্যাচারি বা নদী থেকে আনা বাগদা পোনার লবণ সহিষ্ণুতার মাত্রা যাচাই না করেই ঘেরে পোনা ছাড়েন। এটা চিংড়ি রেণুর মৃত্যুর একটি বড় কারণ। তা ছাড়া ঘেরেই লোনা পানি তোলার পর তা স্থিতি অবস্থায় থাকে। ফলে অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও আকস্মিক বৃষ্টির কারণে ঘেরের পানির লবণাক্ততা, ক্ষার ও অক্সিজেনের মাত্রায় আকস্মিক তারতম্য ঘটে। এটাও চিংড়ি মৃত্যুর কারণ।’ তিনি আরও বলেন, এটা ঠিক যে, কিছু ঘেরে ‘হোয়াইট স্পট ভাইরাসের’ সংক্রমণের কথা শোনা যাচ্ছে। তবে ঢালাওভাবে ভাইরাস সংক্রমণের যে কথা বলা হচ্ছে তা যথার্থ না।বাগেরহাট জেলা চিংড়িচাষি সমিতির আহ্বায়ক ফকির মহিতুল ইসলামের মতে, মানসম্মত চিংড়ি পোনার সংকট এবং উপযুক্ত প্রশিক্ষণের অভাব বাগদাঘেরের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। তিনি হ্যাচারি থেকে মানসম্মত পোনা সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।জেলার চিংড়িচাষি এবং ডিপো মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ থেকে ২০ গ্রেডের বাগদা চিংড়ির বর্তমান বাজার দর কেজিপ্রতি সর্বোচ্চ ৬০০ টাকা এবং ২২ থেকে ৬৬ গ্রেডের চিংড়ির দর কেজিপ্রতি সর্বোচ্চ ৪০০ টাকা। গত বছর এই দর ছিল যথাক্রমে ৯০০ এবং সাড়ে ৬০০ টাকা।বাগেরহাট সদর উপজেলার বারাকপুর বাজার মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, হিমায়িত চিংড়ি রপ্তানিকারকেরাই রপ্তানিযোগ্য চিংড়ির (গলদা ও বাগদা) একমাত্র ক্রেতা। তাঁরা প্রতিবছর কৌশলে বাগদা মৌসুমে বাগদার দাম এবং গলদা মৌসুমে গলদার দাম কমিয়ে দেন। তবে এ বছর দাম অস্বাভাবিক কম। বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সহসভাপতি আব্দুল্লাহেল বাকি কৌশলে চিংড়ির দাম কমিয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আন্তর্জাতিক বাজারে চিংড়ির দাম শতকরা ৪০ ভাগ কমে গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বাগেরহাট দেশের প্রধান রপ্তানিযোগ্য চিংড়ি উৎপাদনকারী জেলা। এখানকার প্রায় ৮০ ভাগ মানুষ চিংড়ি চাষ ও চিংড়িনির্ভর বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। চিংড়ি খাতে জাতীয় আয়ের ৩০ শতাংশই আসে বাগেরহাট জেলা থেকে। এ বছর জেলার নয়টি উপজেলায় প্রায় ৪৮ হাজার হেক্টর জমিতে চিংড়ির চাষ হচ্ছে। এর মধ্যে বাগদা চিংড়িঘেরের মোট সংখ্যা ৩৯ হাজার ৯৫টি। জেলায় বাগদা চিংড়ির বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ১৫ হাজার ২৭১ মেট্রিক টন।বাংলা বছরের ফাল্গুন থেকে ভাদ্র মাস বাগদা চিংড়ি চাষের মৌসুম। ফাল্গুন মাসে কৃষকেরা বাগদা চিংড়ির ঘের প্রস্তুত করে পোনা ছাড়া শুরু করেন। শ্রাবণ মাস পর্যন্ত চাষিরা জমির পরিমাণ ও আর্থিক সামর্থ্যের ভিত্তিতে তিন থেকে পাঁচ দফায় ঘেরে পোনা ছাড়েন। আশ্বিন মাসের মধ্যে ঘের থেকে বাগদা তুলে নিয়ে সেখানে আমন ধানের চাষ করা হয়।