বাগদি সম্প্রদায়ের দুঃখের শেষ নেই
‘আমাগের দুক্কির কতা শুইনে কুনু লাব হবে না বাবু। কারু কতাই আমাগের বিশ্বেস নেই। ভুটের সুমায় আসলি আমাগের সব্বাই খোঁজ করে, সপ সমেস্যা মিটাবে বুইলে কতা দেয়। আর ভুট ফুরালিই কারু দ্যাকা পাওয়া যায় না।’ এভাবেই ক্ষোভের প্রকাশ করেন আদিবাসী বাগদি সম্প্রদায়ের প্রবীণ নেতা বিশ্বনাথ বিশ্বাস (৬৭)। একই ক্ষোভ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী কুঠিপাড়া আদিবাসী পল্লির বাসিন্দাদের সবার। আদিবাসীরা এখানেই রয়ে গেছে। চৌদ্দ পুরুষের ভিটেই বংশপরম্পরায় বসবাস করেও ভূমির কর্তৃত্ব তারা বুঝে পায়নি আজও। আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি প্রসাদ কুমার জানান, ইংরেজদের নীলকুঠির স্থাপনার ধ্বংসাবশেষের ওপর তাঁরা বসবাস করলেও বর্তমানে জমির মালিকানা দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির। কোম্পানির কাছে জমি বন্দোবস্ত চেয়ে আবেদন করলে দীর্ঘদিনেও সমাধান হয়নি। কেরুর সহকারী ব্যবস্থাপক (ভূমি) নজরুল ইসলাম জানান, আদিবাসীরা জমি বন্দোবস্ত চেয়ে চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যান বরাবর আবেদন করে। সংস্থার পরিচালক (ইক্ষু) সাইফুল খান চৌধুরী সরেজমিন তদন্ত শেষে চেয়ারম্যান বরাবর প্রায় এক বছর আগে প্রতিবেদন পেশ করলেও কোনো নির্দেশনা আসেনি।আদিবাসী সূত্রে জানা যায়, বিএনপির জেলা সরকারের শাসনামলে দর্শনার ফয়সাল খান হঠাৎ করে এই জমির মালিকানা দাবি করে আদিবাসীদের ওপর জমিদারি শাসন চালান। জোর করেই গাছের ফলমূল ও বাঁশ কেটে নিয়ে যান। ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেনি তারা। শ্মশানের চার বিঘা জমিও দখলের চেষ্টা চালায় সংঘবদ্ধ চক্র। এর প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলার আসামি হয়েছেন আদিবাসী রবি, বিমল, শান্তি ও খোকন।সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, মাত্র নয় বিঘা জমির ওপর শতাধিক পরিবার মানবেতর জীবন যাপন করে আসছে। অবহেলা, অশিক্ষা, কুশিক্ষা আর কুসংস্কারের মধ্য দিয়ে সময় কাটায় এখানকার বাসিন্দারা। বাল্যবিয়ে এখানে স্বাভাবিক ঘটনা। আদিবাসী পুষ্প বালা বিশ্বাস (৬৫) জানান, মেয়েদের নিরাপত্তার কথা ভেবেই তাঁরা ছোটবেলাই বিয়ে দিয়ে দেন। বাড়ি থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা নেই তাঁদের। সামান্য বৃষ্টিতে কাদাপানিতে একাকার হয়ে যায় আদিবাসী পল্লি। অন্যের জমির ওপর দিয়ে বের হতে গিয়ে লাঞ্ছিত হতে হয়। নিয়ম মেনে বিদ্যুৎ নিতে চাইলেও আদিবাসী হওয়ায় সংযোগ দেওয়া হয়নি। এই পল্লিতে নেই কোনো টেলিভিশন। নিজেদের কাজের বাইরের কিছু নিয়ে ধারণা নেই তাদের। কাজ, খাওয়াদাওয়া আর ঘুম—এই তিনের মধ্যেই সীমাবদ্ধ তাদের জীবন ব্যবস্থা। এ ব্যাপারে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ উদ্দিন বিশ্বাস বলেন, ‘আদিবাসী পল্লির চারপাশে ব্যক্তিমালিকানা জমি। তাই বারবার উদ্যোগ নিয়েও রাস্তা তৈরি করা সম্ভব হয়নি।’আদিবাসী খোকন কুমার জানান, তাঁদের আদি পেশা মাছধরা হলেও উন্মুক্ত জলমহালগুলো প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যাওয়ায় এখন অন্যের জমিতে দিনমজুরই ভরসা। দুর্মূল্যের বাজারে স্বামী-স্ত্রী শ্রম বিক্রি করেও সংসার চলে না। অভাব লেগেই থাকে। ইচ্ছা থাকা সত্ত্বেও ছেলেমেয়েদের বেশি লেখাপড়া করানো যায় না। তবে আদিবাসী সুদাম কুমার বিশ্বাসের ছেলে ঈশ্বরচন্দ্র প্রতিকূলতার মধ্যেই ২০১০ সালে এসএসসি পরীক্ষায় পাস করেছে। সে ঝিনাইদহ কেসি কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়ছে। ঈশ্বরচন্দ্রের এই গৌরবে গোটা আদিবাসী পল্লির বাসিন্দারা গর্বিত।