বাগবো ও তাঁর সহযোগীদের বিচারের মুখোমুখি করা হবে: ওয়াতারা
আইভরি কোস্টের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা বলেছেন, লরা বাগবো ও তাঁর সহযোগীদের বিচারের মুখোমুখি করা হবে। বাগবোকে আটকের পর ওয়াতারা তাঁর নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল সোমবার প্রচারিত এক বক্তব্যে এ কথা বলেন।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, টিসিআই টেলিভিশনের প্রচারিত ওই বক্তব্যে ওয়াতারা দেশবাসীকে শান্ত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি দেশবাসীকে সব ধরনের প্রতিশোধ ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’ বিবিসি অনলাইন জানিয়েছে, বাগবোকে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্ট ওয়াতারা। তিনি বলেন, বাগবোর ব্যাপারে সুষ্ঠু তদন্তে ট্রুথ অ্যান্ড রিকন্সিলিয়েশন কমিশন গঠন করা হবে।গতকালের বক্তব্যে বাগবো তরুণ মিলিশিয়াদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এ ছাড়া তিনি নিরাপত্তা পরিস্থিতি পুনরুদ্ধারের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিশ্লেষকেরা বলছেন, ওয়াতারাকে এখন দেশটিকে ঐক্যবদ্ধ করার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, ওয়াতারা গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু ১০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। গতকাল বাগবোকে তাঁর স্ত্রী ও পুত্রসহ প্রেসিডেন্ট প্রাসাদের বাংকার থেকে আটক করে ফরাসি বাহিনী। এরপর তারা বাগবোকে ওয়াতারার অনুগত বাহিনীর হাতে তুলে দেয়। বাগবো এখন ওয়াতারা সরকারের সদর দপ্তর রাজধানী আবিদজানের গলফ হোটেলে বন্দী রয়েছেন।