বাগবোর বাসভবন ওয়াতারা বাহিনীর দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরা বাগবোর বাসভবন দখলে নিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলেসানে ওয়াতারার অনুগত বাহিনী। ওয়াতারার একজন মুখপাত্র জানিয়েছেন, আজ মঙ্গলবার তাঁরা দেশের প্রধান শহর আবিদজানের ওই গুরুত্বপূর্ণ ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে। বিবিসি অনলাইন ওয়াতারার মুখপাত্র প্যাট্রিক অ্যাচির বরাত দিয়ে জানিয়েছে, ওয়াতারা বাহিনী বাগবোর অনুগত সেনাদের সঙ্গে তুমুল লড়াই করে বাসভবনটির নিয়ন্ত্রণ নেয়। অ্যাচি জানান, বাগবো বাসভবনে অবস্থান করছেন কি না—তা এখনো স্পষ্ট নয়। ওয়াতারার মুখপাত্র বলেন, ‘আমাদের বাহিনী ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে। এখন তারা বাগবোকে খুঁজছে।’ বাগবোকে পাওয়া গেছে কী করা হবে—এমন এক প্রশ্নের জবাবে ওই মুখপাত্র জানান, তাঁকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।বাগবোর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে লন্ডনে বাগবোর উপদেষ্টা জর্জ বেয়েতো বাসভবনটি নিয়ন্ত্রণ নেওয়ার খবরে সন্দেহ প্রকাশ করেন।বিবিসি অনলাইন জানিয়েছে, আজ ভোরে প্রেসিডেন্টের বাসভবন থেকে থেকে ভারী গোলাগুলির আওয়াজ শোনা গেছে। গতকাল সোমবার প্রেসিডেন্ট প্রসাদকে লক্ষ্য জাতিসংঘ ও ফরাসি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, বেসামরিক লোকজনকে রক্ষা করতে ওই হামলা চালানো হয়েছিল। তবে এটা বাগবোর বিরুদ্ধে যুদ্ধের কোনো ঘোষণা নয়। তিনি আরও জানান, বাগবো বাহিনী ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করে বেসামরিক লোকদের হত্যা করছে।