বাগবোর বাসভবন ঘিরে রেখেছে বিরোধী সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে বিরোধী নেতা অ্যালাসেন ওয়াত্তারার অনুগত সেনারা আজ বৃহস্পতিবার ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা বাগবোর বাসভবন ঘিরে রেখেছেন। বাগবোকে তাঁর বাসভবনের বাঙ্কার থেকে বের করে নিয়ে আসতে বিরোধী সেনারা গতকাল বুধবার রাতে হামলা চালান। কিন্তু বাগবোর অনুগত সেনাদের তীব্র প্রতিরোধের মুখে তাঁদের এ প্রচেষ্টা ব্যর্থ হয়।আইভরি কোস্টের প্রধান শহর আবিদজানে ক্ষমতাসীন বাগবোর অনুগত বাহিনীর সঙ্গে বিরোধীদের গত এক সপ্তাহ ধরে তুমুল সংঘর্ষ চলছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিরোধী নেতা অ্যালাসেন ওয়াত্তারাকে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেও বাগবো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানান।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল রাতে বাগবোর বাসভবনের ভেতরে ও আশপাশে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। প্যারিসে অবস্থানরত বাগবোর একজন উপদেষ্টা দাবি করেছেন, জাতিসংঘ ও ফ্রান্সের হেলিকপ্টারের সহায়তায় ওয়াত্তারার সেনারা বাগবোর বাসভবনে হামলা চালিয়েছেন। তবে তাঁর এ দাবির সত্যতা বিশ্বস্ত কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি।গতকাল জাতিসংঘ ও ফ্রান্স বাগবোকে ক্ষমতা ছাড়তে রাজি করাতে ব্যর্থ হয়। জাতিসংঘের এক মুখপাত্র নিউইয়র্কে বলেছেন, তাঁদের আলোচনা এখনো অব্যাহত রয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের এক আইনজীবী আজ বৃহস্পতিবার জানিয়েছেন, তিনি আফ্রিকান ইউনিয়নের নেতাদের সঙ্গে আইভরি কোস্টের গণহত্যার বিচারের বিষয়টি নিয়ে বলছেন।