বাগমারা থেকে বাংলা ভাইয়ের গাড়িচালক গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের গাড়িচালক শহিদুল ইসলামকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। রাজশাহীর বাগমারা থানার পুলিশ আজ শনিবার ভোরে তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার মধ্যঝিনা গ্রামে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিস জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পুলিশের একটি দল শহিদুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে পুলিশ মধ্যঝিনার নিজ বাড়ি থেকে বাংলা ভাইয়ের গাড়িচালক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ২০০৪ সালে বাগমারা এলাকায় বাংলা ভাই বাহিনীর অপারেশনের সময় শহিদুল ইসলাম তাঁর গাড়ির চালক ছিলেন। ওই সময় রায়সেনপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রমজান আলীকে শহিদুলসহ বাংলা ভাই বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে রমজান আলীর কাছ থেকে ৮০ হাজার টাকা চাঁদাও আদায় করা হয়। এ ঘটনার পর নির্যাতিত ইউপি সদস্য ২০০৬ সালে থানায় মামলা করলে পুলিশ শহিদুলসহ জঙ্গিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলায় হাজির না হওয়ায় আদালত শহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।