বাগমারায় দুই শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
রাজশাহীর বাগমারায় অভাবের তাড়নায় দুই শিশুকন্যাসহ আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নূরপুর গ্রামের ভ্যানচালক আজাদুল ইসলামের পরিবারে অভাব-অনটন লেগেই থাকত। আজাদুল জানান, অভাবের কারণে তিনি এবার ঈদে পরিবারের লোকজনের জন্য কোনো নতুন পোশাক ও ঈদের বাজার করতে পারেননি। এতে তাঁর স্ত্রী মন খারাপ করেন। আজ সোমবার সকালে তিনি বাড়ি থেকে ভ্যান চালানোর জন্য বের হলে সকাল সাড়ে আটটার দিকে স্ত্রী কাজলী খাতুন বিষ পান করেন। পরে দুই শিশুকন্যা বৈশাখী ও আয়েশাকে ঘুম থেকে তুলে তাদেরও বিষপান করান। এর কিছুক্ষণ পর তারা ছটফটাতে থাকে। পরে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে তাদের প্রাথমিক চিকিত্সা চলে। অবস্থা খারাপ হওয়ায় শিশু দুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, মা দুই মেয়েসহ বিষপান করেছেন। তাদের কারোরই অবস্থা ভালো নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে।