বাগমারার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে জনবল সংকট
রাজশাহীর বাগমারার ইউনিয়ন ভূমি অফিসগুলোতে প্রয়োজনীয়সংখ্যক জনবল না থাকায় দাপ্তরিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত চাপ সহ্য করতে হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও সমাধানের কোনো উদ্যোগ নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় সাতটি ভূমি অফিস রয়েছে। এসব ভূমি অফিস ‘ইউনিয়ন ভূমি অফিস’ হিসেবে পরিচিত। বাগমারার ২৯২টি মৌজার ভূমি সংক্রান্ত কাজ চলে এসব অফিসে। এসব মৌজার যাবতীয় ভূমি সম্পর্কিত তথ্য ও নথিপত্র সংরক্ষিত থাকে সেখানে। এসব দপ্তরে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কিছু পদ শূন্য রয়েছে। এর মধ্যে ইউনিয়ন ভূমি সহকারী, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও এমএলএসএসের পদ উল্লেখযোগ্য। পদগুলো শূন্য থাকায় লোকজন ও দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ পোহাতে হয়। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে তিনজন করে ইউনিয়ন ভূমি সহাকারী, উপসহকারী ও এমএলএসএসের পদ থাকলেও, একটিতেও পূর্ণ নেই এসব পদ। অধিকাংশ ভূমি অফিসে দুই থেকে সর্বোচ্চ তিনজন দায়িত্ব পালন করছেন। উপজেলা ভূমি অফিসের দেওয়া তথ্য মোতাবেক তাহিরএকডালায় একজন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন এমএলএসএস; হাটগাঙ্গোপাড়ায় একজন ভূমি সহকারী কর্মকর্তা ও দুজন এমএলএসএস; হাটমাধনগরে দুজন ভূমি সহকারী কর্মকর্তা ও দুজন এমএলএসএস; বড়বিহানালীতে দুজন ভূমি সহকারী কর্মকর্তা ও তিনজন এমএলএসএস; ভবানীগঞ্জে একজন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন এমএলএসএস; তাহেরপুরে একজন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন এমএলএসএস; বীরকুৎসায় একজন ভূমি সহকারী কর্মকর্তা ও একজন এমএলএসএসের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এমএলএসএসের পদ শূন্য থাকায় সহকারী ও উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তাদেরই ঝাড়ু, পরিষ্কারসহ এমএলএসএসের কাজ করতে হয় বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তারা। হাটমাধনগনর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, তাঁর দপ্তরে একজন এমএলএসএস থাকলেও তিনি নিয়মিত অফিসে আসেন না। এ কারণে তাঁদের কাজ তাকেই করতে হয়। কোনো সময় বাহির থেকে লোক এনে কাজ করাতে হয় বলে জানান তিনি। বড়বিহানালী ভূমি অফিসে কোনো এমএলএসএস নেই। যাবতীয় কাজ সামলাতে হয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুক্তার হোসেনকে। কর্মকর্তারা জানান, তাঁদের দাপ্তরিক কাজ ছাড়াও বাইরে যেতে হয় খাজনা আদায়ের জন্য। খাজনা আদায়ের জন্য ক্যাম্প বসাতে হয়। তাঁরা স্বীকার করেন, তাঁদের পক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করা সম্ভব হয় না। এ কারণে ভূমি অফিসে বিভিন্ন কাজে আসা লোকজনকে কিছুটা সমস্যা ও বিড়ম্বনায় পড়তে হয়। এ ব্যাপারে বাগমারা উপজেলা ভূমি অফিসের কানুনগো ওবাইদুল ইসলাম জানান, তাঁদের পদগুলো শূন্য থাকার বিষয় কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিছু সমস্যা হলেও কাজ তাঁরা চালিয়ে নেন বলে জানান। উল্লেখ্য, সহকারী কমিশনারের (ভূমি) পদও শূন্য রয়েছে । এ দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও মুঠোফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।