বাগমারার কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগমারার বালানগর কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তাঁর এসব অনিয়মের সুরাহার দাবি জানিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা স্থানীয় সাংসদ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগকারীদের পক্ষে প্রতিষ্ঠানের ভাষা প্রশিক্ষক মাহবুব আলী মোল্লার লিখিত অভিযোগ থেকে জানা যায়, অধ্যক্ষ ফিরোজ আহমেদ প্রতিষ্ঠানের আয় থেকে শিক্ষক-কর্মচারীদের গত আট মাস ধরে কোনো বেতন-ভাতা পরিশোধ করেননি। তিনি তাঁদের বেতন- ভাতা না দিয়ে প্রতিষ্ঠানের অর্থ তছরুপ করছেন। অভিযোগ থেকে জানা যায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানের যৌথ হিসাব নম্বরে অর্থ লেনদেন না করে ব্যক্তিগত হিসাব নম্বরে লেনদেন করে থাকেন। তিনি একটি পুরোনো কম্পিউটার কিনলেও তিনটি কম্পিউটার ক্রয়ের ভাউচার দাখিল করে অবশিষ্ট টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানে কোনো ক্রয় কমিটি গঠন না করে আত্মসাতের জন্য নিজেই ক্রয় করে থাকেন। পরীক্ষাসংক্রান্ত ব্যাপারে তিনি মনগড়া বাজেট তৈরি করে তার অর্থ আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য চার লাখ ৮৮ হাজার ৭১২ টাকা খরচ দেখালেও এমপিওভুক্তি হয়নি। এ ক্ষেত্রে তিনি শুধু ঢাকায় যাতায়াতের জন্য ৮৪ হাজার টাকা খরচ দেখিয়েছেন, যা অভিযোগকারীরা কাল্পনিক ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। জানা যায়, প্রতি বছর প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে প্রায় ১২ লাখ টাকা আয় হলেও তা তিনি নিজের কল্যাণে ব্যয় করে থাকেন। এ রকম অভিযোগ এনে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা স্থানীয় সাংসদকে লিখিত অভিযোগ দিলে তিনি তদন্তের জন্য প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।সাংসদ প্রকৌশলী এনামুল হক জানান, তিনি অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারীরা আমার পদে আসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এসব ভিত্তিহীন অভিযোগ এনেছেন।