বাগমারার তাহেরপুর ও ভবানীগঞ্জের মাঠ গরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় বড় দুই দলের একাধিক প্রার্থী মাঠে আছেন। তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। এতে করে দল ও জোটের মধ্যে কোন্দল সৃষ্টি হয়েছে। তবে আওয়ামী লীগ এরই মধ্যে তার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তাহিরপুরকে ১৯৯৮ সালে উপজেলার প্রথম পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। ইতিমধ্যে একটি উপনির্বাচন ও দুটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শেষ নির্বাচনে তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মো. শামসুর রহমান চেয়ারম্যান হন। এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পরই সম্ভাব্য প্রার্থীরা তাঁদের প্রচারণা শুরু করেছেন পুরোদমে। আগে পোস্টারে শুভেচ্ছা জানানোর মধ্যে প্রচারণা সীমাবদ্ধ থাকলেও এখন তাঁরা মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে পৌর সভাপতি আবু বাক্কার মুনসুর মৃধা ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রচারণা চালাচ্ছেন। দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাহেরপুর পৌর আওয়ামী লীগ নেতা আবু বাক্কার মুনসুর মৃধা জানান, দলের একক প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। তিনি মহাজোটের একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানান। দল থেকে অন্য কেউ নির্বাচন করলে তা হবে তাঁর ব্যক্তিগত বিষয়। আরেক নেতা আবুল কালাম আজাদ জানান, তিনি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। তিনিই আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আবু বাক্কার মুনসুর মৃধাকে দলীয় মনোনয়ন দেওয়ার ব্যাপারে বলেন, স্থানীয় সাংসদ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন বলে শুনেছি। তবে দল তাঁকে মনোনয়ন দেয়নি। অন্যদিকে বিএনপিরও একাধিক প্রার্থী মাঠে আছেন। বর্তমান মেয়র ও পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মো. শামসুর রহমান জানান, সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি প্রচারণা চালাচ্ছেন। দল এখনো কাউকে মনোনয়ন দেয়নি। বর্তমান মেয়র হিসেবে তাঁকেই মনোনয়ন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অপরদিকে জেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জাহেদুর রহমান জানান, তিনিও দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। দলের হাইকমান্ডের সঙ্গে তাঁর যোগাযোগ অন্যদের তুলনায় ভালো বলে দাবি করেন এই নেতা। একাধিক প্রার্থী ও কোন্দল প্রসঙ্গে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান জানান, স্থানীয় নেতা-কর্মীদের মতামত না নিয়েই সাংসদ একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। এতে কোন্দলের সৃষ্টি হয়েছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগের (একাংশ) সভাপতি আবদুস সোবহান চৌধুরী বলেন, তাঁরা এখন পর্যন্ত কাউকে দলীয় মনোনয়ন দেননি। দলীয় ফোরামের বাইরে কাউকে প্রার্থী ঘোষণা করা ঠিক হয়নি। দলীয় কোন্দলই এজন্য দায়ী বলে তিনি জানান।এদিকে ভবানীগঞ্জে মেয়র পদে বড় দুই দলের একক প্রার্থী থাকলেও একাধিক স্বতন্ত্র প্রার্থী মাঠে আছেন। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁরা প্রচারণা চালাচ্ছেন। উপজেলার দ্বিতীয় পৌরসভা হিসেবে ভবানীগঞ্জের যাত্রা শুরু হয় ২০০১ সালে। পরের বছর ১২ ফেব্রুয়ারি সর্বশেষ এ পৌরসভার নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত খোদাবক্স প্রামাণিক নির্বাচিত হন। এদিকে এবারের নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বড় দুই দল তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে স্থানীয় ব্যবসায়ী গোলাম মোস্তফাকে এবং বিএনপির প্রার্থী হিসেবে পৌর সভাপতি আবদুর রাজ্জাককে মনোয়ন দেওয়া হয়। সে থেকে তাঁরা প্রচারণা অব্যাহত রেখেছেন। তফসিল ঘোষণার পর তাঁরা আরও তৎপর হয়েছেন। তাঁরা মনোনয়নপত্রও উত্তোলন করেছেন।তবে বড় এই দুই দলের দুই প্রার্থীকে ঘিরে রয়েছে একাধিক স্বতন্ত্র প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র উত্তোলন করে প্রচারণা অব্যাহত রেখেছেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করা দেওয়ান মো. আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সদস্য সাইদ আলী ও আফসার আলী। নিজ ও দলীয় ইমেজকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছেন তাঁরা। প্রার্থী সাইদ আলী জানান, তিনি পৌর আওয়ামী লীগের সদস্য থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি জানান, এই এলাকায় (সাবেক ভবানীগঞ্জ ইউনিয়ন) এর আগে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। এ কারণে সর্বদলীয় ভোট তাঁর বাক্সে পড়বে। এসব দাবিকে আমল দিচ্ছেন না দলীয় প্রার্থীরা। আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা জানান, এখানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী। দল তাঁকে মনোনয়ন দিয়েছে। বিএনপির আবদুর রাজ্জাক জানান, তিনি চারদলীয় জোটের একক প্রার্থী। তাদের জোড়ালো সমর্থন রয়েছে তাঁর প্রতি।