বাগমারার তিন সড়ক নির্মাণে সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তোমারিক পেপারের কারণে আমারির সড়ক হত্তে জাইন্যা ভালো লাগল। সড়ক হলে আমারির আর কষ্ট করা লাগবে না। আমার জীবনে সড়ক হবে ভাববের পারিনি।’ কথাগুলো ভরট্ট গ্রামের কৃষক জসিম উদ্দিনের। এর আগে বলেছিলেন তাঁদের সড়ক না হওয়ায় দুর্ভোগের কথা। একই গ্রামের স্বাস্থ্য সহকারী হালিমা খাতুন গত বছরের ফেব্রুয়ারি মাসে শুনিয়েছিলেন সড়ক পাকা না হওয়ায় তাঁর বেতন কর্তনের কাহিনি। এ রকম আরও দুর্ভোগের কথা শুনিয়েছিলেন গণিপুর, শ্রীপুর, নরদাশ, সোনাডাঙ্গা ও শুভডাঙ্গা ইউনিয়নের ভুক্তভোগীরা। তাঁদের ওই সড়ক হবে শুনে সবাই খুশি। রাজশাহীর বাগমারার ফতেপুর-দামনাশসহ আরও তিনটি সড়কের জন্য অর্থ বরাদ্দ হওয়ায় লোকজনের চলাচলে দুর্ভোগ কমে আসবে। গত বছরের বিভিন্ন সময় প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘আলোকিত উত্তর’-এ সড়কের দুর্দশা ও লোকজনের দুর্ভোগ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর-দামনাশ সড়কটি সাড়ে নয় কিলোমিটার, মোহনগঞ্জ-মচমইল সড়ক ছয় কিলোমিটার এবং মোহনগঞ্জ-শ্রীপুর সড়কের আট কিলোমিটার দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য অবস্থায় রয়েছে। সড়কগুলো পাকা না হওয়ায় এসব এলাকার তিন লক্ষাধিক মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে সড়কগুলো দিয়ে প্রায় চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের অনেক স্থানে অস্তিত্ব পর্যন্ত নেই। এসব সড়ক নির্মাণের পর থেকে দু-একবার মাটি ফেলা হলেও পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়নি স্বাধীনতার পর থেকে। এর মধ্যে মোহনগঞ্জ-মচমইল সড়ক কয়েক বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলোর বেহাল অবস্থার কারণে যানচলাচল করতে পারে না। এ সড়ক দিয়ে বাইসাইকেল ও ভ্যানগাড়ি কোনোমতে চলাচল করে। সড়কগুলোর বেহাল অবস্থা নিয়ে প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘আলোকিত উত্তর’-এ গত বছর একাধিক সচিত্র সংবাদ ছাপা হয়। এর মধ্যে গত বছরের ১৫ ফেব্রুয়ারি ফতেপুর-দামনাশ সড়ক নিয়ে ‘বাগমারার ১০ কিলোমিটার সড়ক পাকা না হওয়ায় লক্ষাধিক লোকের দুর্ভোগ’ শিরোনামে একটি এবং ১৫ মার্চ মোহনগঞ্জ-মচমইল সড়ক নিয়ে আরেকটি সংবাদ ছাপা হয়। এর আগে ছাপা হয় মোহনগঞ্জ-শ্রীপুর সড়ক নিয়ে সংবাদ। এসব সংবাদ ছাপার পর কর্তৃপক্ষ তত্পর হয়ে ওঠে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাগমারা কার্যালয় সড়কগুলোর বর্তমান অবস্থা, তার সম্ভাব্য ব্যয় এবং কাজের সময়সীমা জানিয়ে প্রধান প্রকৌশলী বরাবর চিঠি প্রেরণ করে। পরে সড়ক তিনটির জন্য সাড়ে ১১ কোটি টাকা বরাদ্দ করে সংশ্লিষ্ট বিভাগ। বাগমারা উপজেলা প্রকৌশলী এস এম মিজানুর রহমান বরাদ্দ পাওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ফ্যাক্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিঠি অল্প দিনের মধ্যে পাওয়া যাবে আশা করছি। টেন্ডার দেওয়া হবে। শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সড়কের জন্য অপেক্ষা করছেন। তাঁর ইউপিতে এক ইঞ্চি পরিমাণ পাকা রাস্তা নেই। এটিই হবে তাঁর এলাকার প্রথম পাকা সড়ক। রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ প্রকৌশলী এনামুল হক বলেন, ‘বাগমারার এসব সড়কের অবস্থা করুণ। নির্বাচনের আগে এগুলো দেখেছি এবং সেগুলো পাকাকরণের অঙ্গীকার করেছিলাম। সংসদে আলোচনাও করেছি। চেষ্টা করে বরাদ্দ নিয়ে এসেছি। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়া হবে।