বাগমারার পাহাড়পুর সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ
রাজশাহীর বাগমারার পাহাড়পুর এলাকার ঝুঁকিপূর্ণ সেই সেতু নির্মাণ করার জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। এতে করে স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং যোগাযোগের ক্ষেত্রে দুর্ভোগের অবসান হবে লোকজনের। প্রথম আলোয় এ সংক্রান্ত খবর প্রকাশ হওয়ার পর কর্তৃপক্ষ অর্থ ছাড় দেয়। উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার পাহাড়পুরের সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ১৯৬৫ সালে নির্মিত সেতুটির রেলিং, উইং ও অ্যাবাটমেন্ট ওয়ালে ফাটল দেখা দেয়। পরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভবানীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ সেতুর উভয় পাশে চলাচল নিষিদ্ধ করে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়। এতে করে অর্ধলক্ষাধিক লোক ও বিভিন্ন ধরনের যানচলাচলে সমস্যা সৃষ্টি হয় এবং মানুষেরও ভোগান্তি বাড়ে। এ নিয়ে গত বছরের ১৭ মে প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত উত্তরে লোকজনের দুর্ভোগ ও সেতুর চিত্র নিয়ে ‘বিরিজেত ওটবের লাগলেই ভয় লাগে’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তারাও সেতুটি দ্রুত নির্মাণে তত্পর হয়। বাগমারা উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সেতুর নকশা ও ছবিসহ প্রয়োজনীয় অর্থ চেয়ে প্রধান প্রকৌশলী বরাবর চিঠি লেখে। পরে সেতুর নির্মাণকাজের জন্য ৭৪ লাখ ৬৬ হাজার ৭৮ টাকা বরাদ্দ আসে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি রাজশাহীর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরে আসে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী নুহুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪৫ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ করা হবে। এখন দরপত্র আহ্বান করে ঠিকাদারের মাধ্যমে সেতুটির নির্মাণকাজ শেষ করা হবে। স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগের নেতা মামুনুর রশিদ বলেন, প্রথম আলোয় এ খবর ছাপা হওয়ায় সেতুটির নির্মাণকাজ দ্রুত হচ্ছে। সেতুটি নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। বাগমারা এলজিইডির উপসহকারী প্রকৌশলী প্রদীপ কুমার সিংহ বলেন, তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র পেলে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করবেন।