বাগমারার শাহাদৎ মাস্টার হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার বালিয়া গ্রামের আওয়ামী লীগের নেতা শাহাদত্ হোসেন মাস্টার হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন এবং একজনের এক বছরের করাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া এ মামলা থেকে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এই রায় ঘোষণা করেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বালিয়া গ্রামের জেএমবি ক্যাডার শামসুল ও তাঁর ভাই আনছার আলী, আশরাফুল ও আমজাদ এবং শামসুলের ছেলে মামুনুর রশিদ ও আনছারের ছেলে টুটন এবং শামসুলের ফুফাতো ভাই রাজ্জাক। আর এক বছরের কারাদণ্ড পেয়েছেন মাহাবুর। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ মে নিজ বাড়ি থেকে প্রায় ২৫০ গজ দূরে নৃশংসভাবে খুন হন আওয়ামী লীগের নেতা শাহাদৎ মাস্টার। জেএমবির শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুর রহমার ওরফে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ও জেএমবি ক্যাডার শামসুলের নেতৃত্বে শাহাদৎ মাস্টারকে হত্যা করা হয়। এ ঘটনায় শাহাদতের ছেলে এমদাদুল হক বাদী হয়ে ১৫ জনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটির তদন্ত শেষে ২০০৯ সালের ৬ অক্টোবর বাগমারা থানার এসআই বাবুল আক্তার ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি ২০১০ সালের প্রথম দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এ মামলায় ২৬ জন সাক্ষীর মধ্যে আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এর পর আসামিপক্ষ হাইকোর্টের মাধ্যমে মামলাটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ নেয়। ২০১০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মামলার কার্যক্রম বন্ধ থাকে। ১৭ নভেম্বর মামলার যুক্তিতর্ক শেষে আদালতের বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন।রায় ঘোষণার পর বাদী এমদাদুল হক প্রতিক্রিয়ায় জানান, তাঁর বাবাকে চোখের সামনে হত্যা করা হয়েছে। এ মামলায় আসামিদের ফাঁসি হবে—এমন আশাই তাঁরাই করেছিলেন। আজকের এ রায়ে তাঁরা হতাশ হয়েছেন।