বাগমারার সরকারি আবাসিক ভবনগুলোর অবস্থা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাজশাহীর বাগমারা উপজেলার আবাসিক ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। কয়েকটি ভবনে কর্মকর্তা-কর্মচারীরা বসবাস করলেও তাঁদের ঝুঁকির মধ্যে থাকতে হয়। ভবনের এ অবস্থার কারণে অনেক কর্মকর্তা ইচ্ছে থাকা সত্ত্বেও বসবাস করতে পারছেন না। এতে সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের জন্য ভবানীগঞ্জ উপজেলা পরিষদের ভেতরে পাঁচটি আবাসিক ভবন নির্মাণ করা হয়। উপজেলা পরিষদ গঠনের আগে ১৯৬২ সালে দুটি এবং উপজেলা পরিষদ গঠনের পর ১৯৮২ সালে আরও তিনটি আবাসিক ভবন নির্মাণ করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা ভবনগুলোয় বসবাস করে আসছিলেন, তবে দীর্ঘদিন ধরে ভবনগুলো সংস্কার না করায় সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভবন নির্মাণের পর থেকে সেগুলোর সংস্কার করা হয়নি। জানা গেছে, পাঁচটি ভবনের মধ্যে দুটি ভবন অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় উপজেলা পরিষদ সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করেছে। এতে কর্মকর্তা-কর্মচারীরা আরও আবাসিক-সংকটে পড়েন। সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার আলী জানান, ভবনগুলোর যে অবস্থা, সেখানে বসবাস করা দায়। উপজেলা পরিষদের ভেতরে থাকা নিরাপদ এবং সরকারি রাজস্ব বাড়ানোর লক্ষ্যে তিনি ঝুঁকির মধ্যে জরাজীর্ণ ভবনে পরিবার নিয়ে বসবাস করছেন বলে জানিয়েছেন। মাঝেমধ্যে পলেস্তারা খসে তাঁদের শরীরে পড়ে। তিনি অভিযোগ করেন, তাঁদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া কেটে নেওয়া হয়, এর অর্ধেক পরিমাণ সুযোগ-সুবিধা পাওয়া যায় না। অথচ ওই টাকায় বাইরে ভালো বাসা ভাড়া পাওয়া যায় বলে মন্তব্য করেন। তিনি ভাড়া কমানো বা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।মৎস্য দপ্তরের কর্মকর্তা লাল চান জানান, আগে তিনি পরিবার নিয়ে উপজেলা পরিষদের ভেতরে থাকলেও এখন বাইরে থাকছেন। এই অজুহাতে সিংহভাগ কর্মকর্তা উপজেলায় থাকেন না। অনেকে বাইরে ভাড়া বাসায় থাকেন, আবার অনেকে ৫৫ কিলোমিটার দূরে রাজশাহী শহর থেকে যাতায়াত করেন। এ কারণে অনেকে সঠিক সময় দপ্তরে আসতে পারেন না।নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, সিংহভাগ কর্মকর্তা রাজশাহী থেকে অফিস করেন বলে ঠিক সময় তাঁরা পৌঁছতে পারেন না। তাঁদের কাজ করতে সমস্যা হয়।উপজেলা বাসাবাড়ি বরাদ্দ কমিটির সদস্য সচিব উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মিজানুর রহমান বলেন, এসব কাজ সরকারি অনুমতি ছাড়া করা সম্ভব নয়। ভবনগুলোর জরাজীর্ণ অবস্থার কথা স্বীকার করে তিনি বলেন, সংস্কার করার জন্য কী পরিমাণ অর্থ ব্যয় হবে, তা নির্ধারণ করার কাজ চলছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার বলেন, ‘সরকারি ভবনগুলোর অবস্থা ভালো নয়। এত দিন কেন সংস্কার করা হয়নি, তা আমার বোধগম্য নয়।’ তিনি দ্রুত সংস্কার এবং প্রয়োজনে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানান।উপজেলা বাসাবাড়ি বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা জানান, তিনি জরাজীর্ণ ভবন সংস্কার বা নির্মাণের উদ্যোগ নেবেন। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজ শুরু করেছেন বলে জানান তিনি।