বাগমারার সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য ঢাকায় গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং সাড়ে ৩১ বছরের সাজাপ্রাপ্ত আবুল হোসেন (৩৯) ওরফে আবুল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর বাগমারা থানা পুলিশ গতকাল শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ শনিবার তাঁকে বাগমারা থানায় নিয়ে আসা হয়েছে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, জঙ্গি আবুল হোসেন ঢাকার আশুলিয়া এলাকায় স্যানিটারী সামগ্রী নির্মাণের কাজ করেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশে গতকাল রাত সাড়ে ১০টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় আবুল হোসেন ছদ্মবেশী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালাতে থাকেন। পরে পুলিশ তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, জঙ্গি আবুল মেম্বারের বিরুদ্ধে বাগমারা থানায় খুন, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। জঙ্গি মদদদান, চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে ফজলুর রহমানের দায়ের করা একটি মামলায় ২০০৭ সালের ২৬ জুলাই আবুলসহ ২৪ জনের প্রত্যেকের সাড়ে ৩১ বছর করে সশ্রম কারাদণ্ড হয়।