বাগমারার সাড়ে চার হাজার হেক্টর বোরো খেত হুমকির মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার পাশ দিয়ে প্রবাহিত হওয়া বারানই ও ফর্কিনি নদীর ধরে রাখা পানি শুকিয়ে যাওয়ার কারণে উপজেলার চার হাজার ৮০০ হেক্টর জমির বোরো খেত হুমকির মুখে পড়েছে। চাষিরা এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে কৃষি বিভাগ খেত রক্ষায় চাষিদের বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।বারানই ও ফর্কিনি নদী থেকে পাম্পের সাহায্যে কৃষকেরা তাঁদের বোরো খেতে পানি সেচ দিয়ে আসছিলেন। তবে কয়েক বছর ধরে খরার জন্য নদী দুটির পানি শুকিয়ে যাওয়ায় অনেকে বিকল্প ব্যবস্থা করেন জমিতে পানি সেচের জন্য। এদিকে গত চার বছর ধরে এলাকার চাষিরা ফর্কিনি ও বারানই নদীর মোহনায় বাগমারা থানা সংলগ্ন স্থানে অস্থায়ী বাঁধ নির্মাণ করে নদীর পানি ধরে রেখে বোরো চাষ করে আসছিলেন। চাষিদের উপজেলা প্রশাসনকে দেওয়া তথ্য মোতাবেক, শুষ্ক মৌসুমে অস্থায়ী বাঁধ নির্মাণ করে পানি ধরে রাখায় আড়াই শ সেচপাম্প স্থাপন করা হয়। সেগুলোর সাহায্য বোরো খেতে পানি সেচ দিয়ে ধান চাষ করে আসছিলেন চাষিরা। এসব সেচ যন্ত্রের আওতায় রয়েছে প্রায় চার হাজার ৮০০ হেক্টর বোরো খেত। চার বছর ধরে নদীর ধরে রাখা পানি দিয়ে বিভিন্ন ফসলে সেচ ও এসব জমির বোরো চাষ করে আসছিলেন চাষিরা। এ ছাড়া গোসলসহ প্রয়োজনীয় বিভিন্ন কাজও সারেন লোকজন। এতে করে উপজেলার গনিপুর, শ্রীপুর, দ্বীপপুর, কাচারিকোয়ালীপাড়া, নরদাশ, সোনাডাঙ্গা ইউপি ও ভবানীগঞ্জ পৌরসভার চাষিরা এ সুবিধা ভোগ করে আসছিলেন। গত বছর থেকে খরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় চাষিরা বিপাকে পড়েন। তবে এ বছর জানুয়ারি মাসের দিকে এলাকার চাষিরা বাগমারায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে পানি ধরে সেচপাম্প বসিয়ে চাষাবাদ শুরু করেন। তবে খরার কারণে নদী দুটির ধরে রাখা পানি অস্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। নদীর অনেক স্থানের পানি কমায় সেচপাম্প বন্ধ হওয়ার উপক্রম। সরজমিনে উভয় নদী দুটির বিভিন্ন স্থানে গিয়ে পানি কমে যাওয়ার দৃশ্য দেখা যায়। ফর্কিনি নদীর অনেক স্থানে পানি দেখা গেলেও বারানই নদীর অবস্থা খারাপ। বাগমারার পশ্চিমপাড়া কৃষক উন্নয়ন সমিতির সভাপতি মামুনুর রশিদ জানান, তারা বারানই নদী থেকে পাম্পের সাহায্যে বোরো খেতে পানি সেচ দিয়ে আসছিলেন। নদীর পানি কমে যাওয়ায় চাষাবাদ নিয়ে উদ্বিগ্ন। কয়েক দিনের মধ্যে নদী পানিশূন্য হয়ে পড়বে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। খেত রক্ষা নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন।খাজাপাড়া গ্রামের সেচপাম্পের পরিচালক মোশলেম আলী জানান, তাঁরা (কয়েকজন পাম্পমালিক) নিজেদের খরচে বাঁধনির্মাণ করে পানি ধরে রেখে সেচকাজ চালিয়ে আসছেন। আরও কিছু দিন পানি থাকবে এমন ধারণা তাঁদের ছিল। তবে এবার আগেই শুকিয়ে যাচ্ছে। এতে করে ইরি ও বোরো খেত হুমকির মুখে পড়েছে। তাঁরা এখন পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা করেননি। তিনি জানান, তাঁদের ধরে রাখা পানিতে শুধু বোরো খেতে পানি সেচ দেওয়া হয় না। পানেরবরজসহ বিভিন্ন ফসলে সেচ ও লোকজন গোসল করে থাকেন। এতে তাঁদেরও সমস্যা হবে। কৃষক আফসার আলী জানান, নদীর পানি শুকিয়ে যাওয়ায় তাঁদের বোরো খেতে পানি সেচ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন। কৃষকেরা জানান, আর কয়েক দিনের মধ্যে ধরে রাখা পানি শুকিয়ে যাবে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুস সাত্তার জানান, বর্তমানে পানির স্তর ৬৫ ফিট নিচে নেমে গেছে। আরও নামবে। খরার কারণে এবং গত বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। নদীতে পানি থাকার কারণ হিসেবে জানা গেছে, ফর্কিনি নদীর সংযোগস্থল আত্রাই নদীর জোতবাজার নামক স্থানে পানি নেই। আত্রাই নদীতে পানি না থাকায় তার প্রভাব বারানই ও ফর্কিনি নদীতে পড়েছে। নদী খনন না করলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে কৃষকেরা জানান। বাগমারা কৃষি অফিসের কৃষি প্রকৌশলী শিবানী নাথ জানান, নদীখনন না করায় এবং গত মৌসুমে পর্যাপ্ত পানি না থাকায় নদীতে এ মৌসুমে পানি নেই। তিনি নদীখনন জরুরি বলে মন্তব্য করেন। পানি শুকিয়ে যাওয়ায় নদীর ওপর নির্ভরশীল সেচপাম্প অকেজো হয়ে যাওয়ায় ও বোরো খেত হুমকির মুখে পড়ার কথা স্বীকার করে বলেন, চাষিরা এর বিকল্প ব্যবস্থা করবেন। তাঁরা খেতের পাশে কিংবা নদীত বোরিংয়ের মাধ্যমে পানি উত্তোলন করে সেচকাজ চালাবেন বলে জানিয়েছেন। এ রকম বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা চাষিদের পরামর্শ দিচ্ছেন বলে জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, চাষিরা নদীর পানি ধরে রেখে যে চাষাবাদ শুরু করেছেন তা খুবই ভালো। তিনিও নদী খননের পক্ষে মতামত দিয়ে বলেন, খেত রক্ষায় চাষিদের এখনই বিকল্প ব্যবস্থা নেওয়া দরকার। এ জন্য উপজেলা পরিষদের লোকদের যদি কিছু করার থাকে তা করবে।