বাগমারায় অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের দাবি উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর সর্ববৃহৎ উপজেলা বাগমারায় এখনো কোনো অগ্নিনির্বাপণ কেন্দ্র (ফায়ার সার্ভিস স্টেশন) গড়ে ওঠেনি। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হতে হয় এলাকাবাসীকে। এলাকাবাসী এখানে অগ্নিনির্বাপণ কেন্দ্র নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি।জেলার নয়টি উপজেলার মধ্যে বাগমারা আয়তন ও জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় বর্তমান জনসংখ্যা প্রায় পাঁচ লাখ। উপজেলার প্রতিটি ইউনিয়ন দুর্গম এলাকায় অবস্থিত।খোঁজ নিয়ে জানা যায়, ৫৫ কিলোমিটার দূরে জেলা সদরে অবস্থিত অগ্নিনির্বাপণ কেন্দ্রের ওপরই ভরসা করতে হয় বাগমারাবাসীকে। উপজেলার কোথাও আগুন লাগলে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। দূরত্ব বেশি এবং দুর্গম হওয়ায় যথা সময়ে তারা ঘটনাস্থলে পৌঁছাতে পারে না।শ্রীপুর গ্রামের এরশাদ আলী জানান, গত ২৫ এপ্রিল অগ্নিকাণ্ডে তাঁরসহ তিনজনের পানের বরজের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়। এলাকাবাসীর চেষ্টায় দীর্ঘ সময় পর আগুন নেভানো সম্ভব হয়। বালিয়া গ্রামের শামসুল হক জানান, সম্প্রতি গ্রাম্য দলাদলির জের ধরে প্রতিপক্ষরা তাঁরসহ গ্রামের আরও কয়েকজনের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় স্থানীয় লোকজন নেভাতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। দুই ঘণ্টা পর রাজশাহী ফায়ার সার্ভিস থেকে অগ্নিনির্বাপণ দল আসে। ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে যায়। তাঁর মতে, বাগমারায় ফায়ার স্টেশন থাকলে তাঁদের এত ক্ষতি হতো না। ফায়ার সার্ভিসের লোকজনকে তো আর কেউ আটকাতে পারত না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু লোহেল আল মামুন বলেন, তাঁরা প্রায়ই অগ্নিকাণ্ডের খবর পান। তাঁদের কাছে ক্ষতিপূরণ ও সাহায্যও চাওয়া হয়। শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা জানান, উপজেলায় অগ্নিনির্বাপণ কেন্দ্র না থাকায় প্রতিবছর কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়। তিনি এলাকার স্বার্থে এখানে একটি অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, বাগমারায় অগ্নিনির্বাপণ কেন্দ্র স্থাপন জরুরি। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে এখানে তা স্থাপনের ব্যবস্থা নেবেন বলে জানান।