বাগমারায় অনুমোদন নেই ৪২ ইটভাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে গড়ে উঠেছে ইটভাটা। উপজেলার ৪২টি ইটভাটার একটিরও অনুমোদন নেই। অবৈধভাবে ইটভাটা গড়ে ওঠায় আবাদি জমি কমে যাওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে পরিবেশ। সরকারি পদক্ষেপ না নেওয়ায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়ে চলেছে। উপজেলা প্রশাসন ও ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, বাগমারায় এ বছর ইটভাটার সংখ্যা ৪২টি। গত বছর (২০০৯ সালে) এর পরিমাণ ছিল ৩০টি। এ বছর আরও ১২টি ইটভাটা বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে দেখা যায়, বাগমারার এসব ইটভাটা নির্মাণে কোনো নীতিমালা মানা হয়নি। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নির্মাণ করার কথা থাকলেও তা করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র মতে, ১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারায় বলা হয়েছে, লোকালয় বা বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। ফিক্সড চিমনি ব্যবহার করার বিধান থাকলেও ব্যবহার করা হচ্ছে স্থানীয়ভাবে ড্রামের তৈরি চিমনি। উপজেলার কেবল জাহাঙ্গীর, ইয়াদ আলী, বিজন সরকার, জাহাঙ্গীর, আব্দুস সালাম, কাদের, সোবহান ও মনোরঞ্জনের ইটভাটায় ১২০ ফুট লম্বা ফিক্সড চিমনি থাকলেও অন্যদের নেই।উপজেলার বাইগাছার বুলু, ইব্রাহিম, পালশার মোজাম্মেল হক, সাদিপুরের রাজ্জাক, বড়বিহানালীর তাছির উদ্দিন, রামরামার মাহাবুর রহমানেরসহ বেশ কিছু ইটভাটাতে ড্রাম চিমনি ব্যবহার করতে দেখা যায়। এসব ড্রাম দিয়ে কালো ধোঁয়া বের হয়ে ছড়িয়ে পড়ছে লোকালয়ে। রামরামার সাজেদুর, ইদ্রিস আলী, বাইগাছার সোবহান, এমরান জানান, ড্রাম চিমনি ব্যবহার করায় তাদের ফসল, ফলজ ও বনজ বৃক্ষ ক্ষতির শিকার হওয়া ছাড়াও ধোঁয়া বাড়িঘরে প্রবেশ করছে। লোকালয়ে ও আবাদি জমিতে ভাটাগুলো স্থাপন করা হয়েছে। এতে করে তাদের শ্বাস-প্রশ্বাসসহ বিভিন্ন রোগের মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন। ইটভাটার মালিক তাছির, মাহাবুর, রাজ্জাক তাঁদের ভাটায় ড্রামের চিমনি ব্যবহারের কথা স্বীকার করেন। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে বলেও জানান। তিন কিলোমিটারের মধ্যে একাধিক ইটভাটা দেখা যায়। রামরামাতেই এক কিলোমিটারের মধ্যে রয়েছে আব্দুল কাদের ও মাহাবুর রহমানের ইটভাটা। তার কিছু দূরে রয়েছে আরও দুটি ইটভাটা। এসব ভাটা স্থাপন করা হয়েছে লোকালয়, সড়ক ঘেঁষে, আমবাগান এবং বিভিন্ন ফসলের জমির পাশে। ইটভাটাগুলো স্থাপন করা হয়েছে ফসলি জমিতে। সরেজমিনে আরও দেখা যায় ভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। সিংহভাগ ভাটার পাশে কাঠের স্তূপ দেখা যায়। ইটভাটার শ্রমিক আজাদ, রফিকুল, বাহার জানান, মালিকেরা তাঁদের কাঠ পোড়াতে বলেছেন, তাই তাঁরা কাঠ পোড়াচ্ছেন। কয়লাও পোড়ানো হয় বলে তাঁরা জানিয়েছেন। তাঁরা জানান, কেউ তাঁদের বাধা দেয়নি এখন পর্যন্ত। এদিকে প্রতিবছর ইটভাটার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আবাদি ও ফসলি জমির পরিমাণ কমছে। ইটভাটার মালিক জাহাঙ্গীর আলম ওরফে হেলাল জানান, প্রতিটি ইটভাটার জন্য কমপক্ষে আট থেকে ১২ বিঘা জমির প্রয়োজন হয়। প্রতিবছর ইটভাটা বাড়ায় আবাদি জমির পরিমাণ কমছে বলে জানান তিনি। খোঁজ নিয়ে যায়, উপজেলার ৪২টি ইটভাটার একটিরও অনুমোদন নেই। সরকারি অনুমোদন ছাড়াই চলছে ভাটাগুলোর ইট পোড়ানো কার্যক্রম। তবে তাঁদের অনেকে ভ্যাট প্রদান করেন বলে জানান। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ৪২টি ইটভাটার মধ্যে মাত্র আটজন তাঁদের ভ্যাট পরিশোধ করেন। অন্যরা তাঁদের ভ্যাটও পরিশোধ করেন না।রাজশাহী কাস্টমসের একজন সুপারিনটেনডেন্ট নিজের নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দেন। তিনি জানান, অনেকে দু-এক কিস্তি ভ্যাট দিলেও সিংহভাগ মালিক যোগাযোগ রাখেন না। এ ব্যাপারে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা অনুমোদন নিতে চাই। কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না। জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছি, লাভ হয়নি।’ রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শেফাউল করিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরাও ইটভাটাকে লাইসেন্স দিতে চাই এবং তাঁরা নিতে চান, তবে আইনি জটিলতার কারণে পারা যাচ্ছে না। তিন কিলোমিটারের মধ্যে কোনো বৃক্ষের বাগান, আবাদি জমি থাকা যাবে না, রাজশাহীতে এ ধরনের নিয়ম মেনে কোনো ভাটা হয়নি। এ জন্য অনুমোদন দেওয়া যাচ্ছে না।’ তিনি এই নিয়ম শিথিল করার জন্য সংশ্লিষ্ট সচিবকে লিখিত ও ফোনে বলেছেন, কোনো সাড়া পাননি। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে স্বীকার করেন তিনি। তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে ডিসি বলেন, তাঁদের বিরুদ্ধে অভিযান চালালে দেশের নির্মাণকাজে বিঘ্ন ঘটবে। এসব দিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইটভাটার মালিক অভিযোগ করেন, লাইসেন্স না থাকায় তাঁদের আর্থিক ক্ষতির শিকার হতে হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। তাঁরা এসে অবৈধ সুবিধা নিয়ে যান। লাইসেন্স না পাওয়া প্রসঙ্গে উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, অধিকাংশ ইটভাটা স্থাপনে নীতিমালা মানা হয়নি—এমন অভিযোগ তুলে তাঁদের অনুমোদন দেওয়া হয় না। অনুমোদন না থাকায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের (বগুড়া) পরিচালক নাজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ইটভাটাগুলোতে কাঠ পোড়ানোর কথা স্বীকার করে বলেন, জনবলের অভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছে না।