বাগমারায় আদিবাসী দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান
‘আমগার হিথোথিন এ রকম আনন্দ নাহাই হইথৈ’ সাঁওতালি ভাষায় নিজের আনন্দের কথা বললেন সর্দার কড়ি রায়। নাচ-গান আর আনন্দে মেতে উঠেছিলেন রাজশাহীর বাগমারার মহব্বতপুর গ্রামের আদিবাসীরা। আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রথমবারের মতো তাঁরা নেচেগেয়ে পালন করেন। দিনের অর্ধেক সময় উৎসবে মেতে ছিলেন তাঁরা। এ দিবস সম্পর্কে কিছুই জানা ছিল না তাঁদের। প্রায় ৩৪ বছর থেকে মহব্বতপুরে ৩৫ আদিবাসী পরিবার বসবাস করলেও তারা এ রকম আনন্দ করেনি কখনো। স্থানীয় গনিপুর ইউপি পরিষদ দিবসটি উপলক্ষে এ আনন্দ উৎসবের আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় তীর-ধনুকসহ পশু শিকারের অস্ত্রপাতি নিয়ে তারা একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি সইপাড়া-ভবানীগঞ্জ সড়কের আধা কিলোমিটার প্রদক্ষিণ করে আমবাগানে এসে শেষ হয়। সেখানে কড়ি রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গনিপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ। বক্তব্য দেন আমজাদ হোসেন, মামুনুর রশিদ, শফিকুল ইসলাম, নাসিমা খাতুন প্রমুখ।