বাগমারায় আলু রাখার জায়গা নেই, দাম পাচ্ছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া এবং সার ও কীটনাশক সহজে পাওয়ায় ভালো ফলন পেয়েছেন চাষিরা, তবে ভালো দাম না পাওয়ায় এবং সংরক্ষণ নিয়ে উদ্বিগ্ন চাষিরা। হিমাগারগুলোয় চাহিদা মোতাবেক জায়গা না থাকায় এ উদ্বেগ দেখা দিয়েছে চাষিদের মধ্যে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাগমারায় এবার সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করা হয়েছে। গত বছর ভালো দাম পাওয়ায় চাষিরা আলু চাষে ঝুঁকেছেন। চাষিরা ঝুঁকি নিয়ে আলু চাষ করলেও শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় তাঁদের সে ঝুঁকি কেটে গেছে। গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকে চাষিরা জমি থেকে আলু তোলা শুরু করেন। চাষিরা জানান, এবার ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় গড়ে ৭৫ মণ হারে আলু উত্পাদন হয়েছে। দেশি জাতের চেয়ে উন্নতজাতের আলুর ফলন হয়েছে বেশি। এসব আলু প্রতি বিঘায় ৯৫ থেকে ১০০ মণ হিসাবে উত্পাদিত হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল বারী জানান, গত বছরের চেয়ে এবার আলুর ফলন হয়েছে বেশি। গত বছরের চেয়ে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ আলু বেশি উত্পাদিত হয়েছে। আলু চাষের উপযোগী আবহাওয়া বিরাজ করায় এবং রোগবালাই না হওয়ায় ফলন বেশি হয়েছে। এ ছাড়া বিগত বছরের তুলনায় এবার কম দামে ও সহজে সার পাওয়ায় চাষিরা আলু চাষ করে স্বস্তি পেয়েছেন।অন্যান্য বছরের তুলনায় ফলন ভালো বলে জানিয়েছেন। তাঁর মতে, এবার আবহাওয়া অনুকূলে ছিল এবং সার, কীটনাশক, বীজ ইত্যাদি হাতের নাগালে পাওয়া গেছে। এগুলোর দামও গত দুই বছরের চেয়ে কম। এসব কারণে ফলন ভালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীরও চাষি রহমানের বক্তব্যকে সমর্থন করেন। খাজাপাড়ার চাষি মাহাবুর রহমান জানান, তিনিও ভালো ফলন পেয়েছেন। তিনি বাণিজ্যিকভাবে আলু চাষ করেছিলেন। তিনি ১০০ থেকে ১০৫ মণ হারে বিঘাপ্রতি ফলন পেয়েছেন। তিনি আরও জানান, বাজারে বর্তমানে আলুর দাম আশানুরূপ নয়।সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট ঘুরে আলুর দামের চিত্র দেখা গেছে। প্রতিমণ আলু বাজারে সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলার হাটবাজারগুলোতে গিয়ে আলুর ব্যাপক আমদানি দেখা গেছে। চাষিরা আলু রাখার জায়গা না পেয়ে বিক্রি করে দিচ্ছেন বলে জানিয়েছেন। একডালার চাষি দেছের আলী জানান, হিমাগারে আলু রাখার জায়গা না পেয়ে কমদামে ১৫০ মণ আলু বিক্রি করেছেন।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার বাগমারায় দুই লাখ ৯২ হাজার ৫০০ মেট্রিকটন আলু উত্পাদিত হয়েছে।আলু সংরক্ষণের জন্য বাগমারায় পাঁচটি হিমাগার গড়ে উঠেছে। এগুলো হলো নাটোর কোল্ডস্টোরেজ-১, নাটোর কোল্ডস্টোরেজ-২, বসার হিমাগার, এম হোসেন কোল্ডস্টোরেজ এবং সালেহা ইমারত কোল্ডস্টোরেজ লিমিটিড। এ পাঁচটি হিমাগারের ধারণক্ষমতা মাত্র ৪৩ হাজার ২০০ মেট্রিকটন, তবে নাটোর কোল্ডস্টোরেজ ছাড়া অন্য হিমাগারে আলু সংরক্ষণে অগ্রিম বুকিং দেওয়া হয়েছে। এসব হিমাগারে উত্পাদিত আলু সংরক্ষণ করা যাবে না। আলু রাখার জন্য চাষিরা ঘুরলেও রাখতে পারছেন না। হিমাগারগুলোতে আলুভর্তি ভ্যান, ট্রলি ও ভটভটির লাইন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দেখা যায়। অতিরিক্ত আলু সংরক্ষণ নিয়ে উদ্বিগ্ন চাষিরা। চাষিরা জানান, এবার তাঁরা আলু সংরক্ষণ করতে পারবেন না।নাটোর কোল্ডস্টোরেজের জেনারেল ম্যানেজার খায়রুল বাসার জানান, তাঁর হিমাগারে আলুর আগাম চাপ প্রচুর। তাঁরা চাহিদামোতাবেক আলু রাখতে পারবেন বলে জানিয়েছেন। উপজেলার অন্য হিমাগারগুলোতেও একই অবস্থা। এবার আলুর ফলন ভালো বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, উপজেলায় যে পরিমাণ আলুর উত্পাদন হয়েছে তাতে এখানকার হিমাগারগুলোতে স্থানসংকুলান হবে না।উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর জানান, বাগমারায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। হিমাগারের সব আলু সংরক্ষণ করা যাবে না। এ জন্য চাষিরা নিজ বাড়িতে বালির স্তর করে সেখানে আলু রাখতে পারেন। হিমাগারের মতোই আলু থাকবে সেখানে। এ জন্য চাষিদের পরামর্শও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। দাম এখন কম থাকলেও পরে বাড়বে।