বাগমারায় এডিপির টাকা হরিলুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার বিভিন্ন ইউনিয়নের জন্য বরাদ্দ এডিপির সাড়ে ১৯ লাখ টাকার সিংহভাগের কোনো কাজ হয়নি। বিধি লঙ্ঘন করেও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা পরিষদ সূত্র জানায়, ২০০৯-১০ অর্থবছরে এডিপির ১৯ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। ৭ জুন উপজেলা হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ বরাদ্দের কথা জানানো হয়। ওই সভাতেই ৭০টি প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে স্যানিটেশন বাবদ দুই লাখ ৯২ হাজার ২০০ টাকা রেখে অন্যান্য খাতে ১৬ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা রাখা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র, রিংপাইপ সরবরাহ, প্রটেকশন ওয়াল, ড্রেনেজ নির্মাণ, নলকূপ স্থাপনসহ বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা। অনুসন্ধান ও সরেজমিনে জানা যায়, প্রকল্প কাগজ-কলমে পুরোপুরি বাস্তবায়িত হলেও বাস্তবে এর উল্টো চিত্র। কিছু কিছু স্থানে নামমাত্র প্রকল্প বাস্তবায়ন করা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই কোনো কাজ হয়নি। উপজেলার আউচপাড়া ইউনিয়নে সর্বোচ্চ চার লাখ ৪৫ হাজার ১৬৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জনসংখ্যা, আয়তনের দিক দিয়ে পিছিয়ে থাকলেও অনগ্রসরতার বাহানা দেখিয়ে এ ইউনিয়নে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সর্বোচ্চ বেশি বরাদ্দ দেওয়ার কথা গণিপুর ইউনিয়নে দেওয়ার কথা থাকলেও সেখানে দেওয়া হয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৯২ টাকা। তবে এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, নিয়মানুযায়ী অর্থ বণ্টন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এডিপির অর্থ ব্যয়ের জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তার সামান্যই বাস্তবায়িত হয়েছে। চোখে পড়ার মতো কোনো প্রকল্প গ্রহণ বা বাস্তবায়ন করা হয়নি। মোট ৭০টি প্রকল্পের মধ্যে ২৭টি প্রকল্প নেওয়া হয়েছে রিংপাইপ সরবরাহের। এসব প্রকল্প সহজে চোখে পড়ে না। এ ছাড়াও ৪৩টি প্রকল্প নেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ, নলকূপ স্থাপন, যাত্রী ছাউনি নির্মাণের জন্য। এদিকে সরেজমিনে গিয়ে বেশির ভাগ ক্ষেত্রেই এসব প্রকল্প বাস্তবায়নের কোনো হদিস পাওয়া যায়নি। উপজেলা পরিষদের ভেতরে বিধি লঙ্ঘন করে চেয়ারম্যানের ‘বাসভবন মেরামত’ নামের ৭৫ হাজার টাকার প্রকল্প কাগজ-কলমে বাস্তবায়ন করা হলেও বাস্তবে কোনো কাজ হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়নি। এ প্রকল্পের সভাপতি আউচপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মাদ আলী বলেন, ‘কী কাজ হয়েছে জানি না। আমার বিশ্বাস কাজ করা হয়েছে।’ তিনি প্রকল্প সভাপতি হওয়ার পরও কী কাজ হয়েছে জানেন না কেন—এমন প্রশ্নের কোনো জবাব মেলেনি। এ প্রকল্পের সদস্য বাগমারা এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ জানান, তিনি এডিপির কোনো প্রকল্পের কাজ চেয়ারম্যানের বাসভবনে করেননি। রাজস্ব খাতের একটি প্রকল্পে তিনি কিছু লাইটিংয়ের কাজ করেছেন। এ ছাড়া উপজেলার মাড়িয়া ইউপির সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধ লাখ টাকা ব্যয়ে একটি কম্পিউটার প্রদানের প্রকল্প দেখানো হয়েছে (যদিও সরকারি প্রতিষ্ঠানে এই প্রকল্পের অর্থ ব্যয়ের বিধান নেই)। সরেজমিনে গিয়ে ওই প্রতিষ্ঠানে কোনো কম্পিউটার দেখা যায়নি। প্রধান শিক্ষিকা মোছাম্মদ সাহিদা বানু বলেন, আলমিরার ভেতরে কম্পিউটার রাখা হয়েছে। পরে সেটি দেখার আগ্রহ প্রকাশ করলে তিনি বলেন, নষ্ট হয়ে আছে। তাই তা মেরামতের জন্য পাঠানো হয়েছে। তিনি স্বীকার করেন, কম্পিউটার কেনার জন্য তাঁকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই ইউনিয়নে এডিপির তেমন কাজ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আকবর আলী। পানিয়া নরদাশ ডিগ্রি কলেজ ও কিন্ডারগার্টেনের চেয়ার, টেবিল ও বেঞ্চ কেনার জন্য ৫০ হাজার টাকার প্রকল্প নেওয়া হলেও সেখানে সর্বোচ্চ ব্যয় করা হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারোয়ার হোসেন আবুল জানান, তাঁর প্রতিষ্ঠানে ১২ থেকে ১৩ হাজার টাকার চেয়ার সরবরাহ করা হয়েছে। কিন্ডারগার্টেনের পরিচালক আবদুর রাজ্জাক জানান, তাঁর প্রতিষ্ঠানে একটি টেবিল ও আট জোড়া (১৬টি) বেঞ্চ দেওয়া হয়েছে, যার দাম সর্বোচ্চ ১০ হাজার টাকা হবে। গোয়ালকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে রিংপাইপ দেওয়ার প্রকল্প নেওয়া হলেও কোথায় তা দেওয়া হয়েছে তা দেখা যায়নি। এই ইউনিয়নে শুধু রিংপাইপ সরবরাহ প্রকল্পের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে দেড় লাখ টাকা। এখানে এসব বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। কিছু কিছু স্থানে হাতেগোনা কয়েকটি পাইপ দেওয়া হয়েছে মাত্র। তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি জানান, সব ঠিকঠাক সরবরাহ করা হয়েছে। তার ইউনিয়নে নলকূপ বসানোর জন্য এক লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। তবে কোথায় নলকূপ বসানো হয়েছে তা বলতে পারেননি তিনি। শ্রীপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে নলকূপ স্থাপনের জন্য ৭৫ হাজার টাকা প্রকল্প নেওয়া হলেও কতটুকু কাজ হয়েছে তা নিয়ে অভিযোগ রয়েছে। প্রকল্পের সভাপতি ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, তিনি কাগজ-কলমে প্রকল্প পেলেও অর্থ পাননি। তারপরও তিনি ছয়টি নলকূপ বিতরণ করেন বলে দাবি করেন ইউপি সদস্য। কোথায় সেগুলো স্থাপন করা হয়েছে তার সব ঠিকানা তিনি বলতে পারেননি। এসব ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এডিপি অর্থ বরাদ্দ কমিটির সভাপতি জিয়াউর রহমান জানান, প্রকল্পের শতভাগ কাজ হয়নি। অনেক স্থানে সামান্য পরিমাণ কাজ হয়েছে বলে স্বীকার করেন তিনি। চেয়ারম্যান জানান, শ্রীপুরে নলকূপ না বসিয়ে তার কাছে বিল পাসের জন্য আনা হয়েছিল। পরে তিনি জানতে পারেন, কোনো নলকূপ স্থাপন করা হয়নি। বিলে স্বাক্ষর না করায় পরে নলকূপ বসানো হয়েছে, তারপর বিল দিয়েছেন বলে জানিয়েছেন। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা জানান, এডিপির টাকা সাধারণত সরকারি প্রতিষ্ঠানে ব্যবহার করা যায় না। চতুর্থ কিস্তির টাকা হরিলুট করা হয়েছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমি ওই সময় এখানে ছিলাম না। তখন কী হয়েছে বলতে পারব না।’