বাগমারায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার চান্দেরআড়া গ্রামে সুচরিতা (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, সুচরিতার স্বামী হানিফ আলী তাঁকে পিটিয়ে হত্যা করেছেন।সুচরিতার ভাই জাহাঙ্গীর আলম বলেন, গতকাল মঙ্গলবার হানিফ ও সুচরিতার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে গতকাল রাতে সুচরিতাকে লাঠি দিয়ে পেটায় হানিফ। এতে তাঁর বোনের মৃত্যু হয়। জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ বুধবার সকালে আমাদের বাড়িতে সুচরিতার মৃত্যু খবর দেওয়া হয়। খবর পেয়ে সকালে বোনের বাড়িতে গিয়ে উঠানে মৃতদেহ দেখতে পাই। এ সময় সুচরিতার বাড়িতে কেউ ছিলেন না।’ তিনি অভিযোগ করেন, সুচরিতাকে পিটিয়ে হত্যার পর লাশ ফেলে বাড়ির সবাই পালিয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এখন পর্যন্ত কেউ মৃত্যুর বিষয়টি থানায় অবহিত করেনি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।