বাগমারায় জঙ্গি সন্দেহে আটক ৩
রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে আজ বুধবার ভোরে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আটক ব্যক্তিরা হলেন: উপজেলার কনোপাড়া গ্রামের শামসুদ্দিন (৫০), তৌহিদুল ইসলাম (৩৮) ও ইসমাইল হোসেন (৫৫)। র্যাব-৫-এর জঙ্গিবিষয়ক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে বলেন, বাগমারা থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে সব জানানো হবে বলে তিনি জানান।আটক ব্যক্তিদের আত্মীয়স্বজনদের দাবি, আজ ভোরে র্যাব পরিচয়ে সাদা পোশাকধারী একদল লোক অভিযান চালিয়ে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়।বাগমারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ পারভেজ জানান, জঙ্গি সন্দেহে তিনজনকে আটকের কথা তাঁরা শুনেছেন। এখন পর্যন্ত তাঁদের থানায় সোপর্দ করা হয়নি।