বাগমারায় ঝড়ে বিধ্বস্ত ২০ গ্রাম, কোটি টাকার ক্ষতি
রাজশাহীর বাগমারা উপজেলার ওপর দিয়ে আজ বৃহস্পতিবার ভোরে এক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ওই উপজেলার তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।এলাকাবাসী জানায়, আজ ভোরে উপজেলার নরদাশ, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ওপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় হালকা বৃষ্টিও হয়। ঝড়ে উপজেলার নরদাশ, মাদিলা, ফুলপুর, সাইধারা, বেণীপুর, শুভডাঙ্গা, মাড়িয়া, বাইগাছাসহ ২০টি গ্রাম প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। উড়ে গেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বাড়িঘরের টিনের চাল। নরদাশ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, এ ইউনিয়নের অধীনে সাতটি গ্রামের ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। তিনি দাবি করেন, এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। মাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তাঁর প্রতিষ্ঠানটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ওই বিদ্যালয়ে ক্লাস করানো সম্ভব হবে না।