বাগমারায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় গতকাল বৃহস্পতিবার রাতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহত সাতজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগ বিএনপির নেতা-কর্মী বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মকবুল হোসেন মৃধার সমর্থকেরা গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চাইপাড়ায় তাঁর আনারস প্রতীকের পক্ষে মিছিল করে। মিছিল শেষে মকবুল হোসেনের সমর্থকেরা তাদের নির্বাচনী ক্যাম্পে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর বিএনপি-সমর্থিত প্রার্থী আকবর আলী মল্লিকের চশমা প্রতীকের সমর্থনে তাঁর কর্মীরা মিছিল বের করে। এ সময় মকবুল হোসেনের নির্বাচনী ক্যাম্প থেকে মিছিলের ওপর ইট নিক্ষেপ করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে জামাল উদ্দিন (৪০), সাইদুর রহমান (৩৮), জাকির হোসেন (২৯), মোহর আলী (৫৮), হাবিবুর রহমান (২৬) ও আয়তুল ইসলামকে (২৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁরা সবাই বিএনপি-সমর্থক প্রার্থী আকবর আলী মল্লিকের কর্মী বলে জানা গেছে। আহত অন্যদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহতেরা সবাই চাইপাড়া গ্রামের বাসিন্দা। আকবর আলী মল্লিক জানান, বিনা উসকানিতে তাঁর লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। তবে পাল্টা একই অভিযোগ করেছেন মকবুল হোসেন মৃধা। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান।