বাগমারায় ধান চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা
চলতি বোরো মৌসুমে রাজশাহীর বাগমারায় ধান চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হতে চলেছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজার দর বেশি হওয়ায় কৃষকেরা গুদামে না দিয়ে বাজারেই বেশি দামে ধান বিক্রি করছেন। মিলাররাও চাল দেওয়ার ব্যাপারে চুক্তি করছেন না। এতে করে সংগ্রহের লক্ষ্যমাত্রা ব্যর্থ হতে চলেছে। উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, চলতি বোরো মৌসুমে বাগমারায় ৫৯০ মেট্রিক টন ধান এবং এক হাজার ৮১৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং চাতালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহের কথা। দেশব্যাপী গত ১ মে থেকে এই সংগ্রহ অভিযান শুরু হলেও বাগমারায় ১২ মে থেকে এর উদ্বোধন করা হয়েছে। সরকার ৬৮০ টাকা মণ দরে ধান এবং এক হাজার টাকা মণ দরে চাল কেনার কথা। তবে জানা গেছে, উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত গুদাম কর্তৃপক্ষ সামান্যই ধান-চাল সংগ্রহ করতে পেরেছে। উপজেলার নিবন্ধিত ৩১টি চালকলের মধ্যে মাত্র পাঁচটি চালকলের মালিকেরা চাল দেওয়ার ব্যাপারে খাদ্য দপ্তরের সঙ্গে চুক্তি করেছেন। অবশিষ্ট ২৬টি চালকল মালিক এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেননি। খোঁজ নিয়ে জানা যায়, বাগমারার বিভিন্ন হাট-বাজারে বর্তমানে ৭২০ থেকে ৭৩০ টাকা মণ দরে ধান বিক্রি হচ্ছে, যা সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০ থেকে ৫০ টাকা বেশি। এ কারণে কৃষকেরা গুদাম কর্তৃপক্ষের কাছে ধান বিক্রি না করে বাজারে বিক্রি করছেন। নন্দনপুর গ্রামের কৃষক আফসার আলী জানান, তিনি ২০ মণ ধান বিক্রি করেছেন। গুদামে বিক্রির আগ্রহ থাকলেও দাম কম হওয়ায় তিনি তা বাজারে বিক্রি করেছেন। বাজারে ধান বিক্রি করে তিনি মণপ্রতি ৫০ টাকা বেশি পেয়েছেন। গোপালপুর গ্রামের ধানচাষি ইব্রাহিম হোসেন জানান, তিনিও দাম বেশি পাওয়ায় বাজারে ধান বিক্রি করেছেন। তিনি অভিযোগ করেন, এর আগে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কথা থাকলেও বাজারদাম কম থাকায় ফড়িয়াদের কাছ থেকে ধান কেনা হয়েছে। এবার বাজার দাম বেশি হওয়ায় ফড়িয়াদের দাপট নেই। অনুসন্ধানেও এর সত্যতা পাওয়া গেছে। বাগমারা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুুল হান্নান জানান, তাঁরা ১৭ টাকা কেজি দরে ধান কিনছেন। বাজারে এর দাম বেশি হওয়ায় কৃষকেরা তাঁদের কাছে ধান বিক্রি করতে চাচ্ছেন না। চালকল মালিকেরা জানান, সরকারকে চাল দেওয়ার ব্যাপারে চুক্তি করলে তাঁদের লোকসান হবে। জোয়ার্দ্দার চালকল মালিক সাজেদুর রহমান জানান, তিনি এখন পর্যন্ত চুক্তি করেননি। সরকার নির্ধারিত দামের চেয়ে বাজার মূল্য বেশি হওয়ায় তিনিসহ অন্যরা চুক্তি করছেন না। তিনি বলেন, ৩০ টাকা কেজি দরে চাল কিনে ২৫ টাকা দরে বিক্রি করা সম্ভব না। উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মজিবুর রহমানও একই রকম কথা বলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল হান্নান বলেন, নিবন্ধন হওয়া ৩১টি চালকল মালিকের কাছে চালের জন্য চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মাত্র পাঁচজন সাড়া দিয়েছেন। খাদ্যনিয়ন্ত্রক বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে পুনরায় ধান-চালের মূল্য নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, এখনো সময় আছে। এর মধ্যে বাজার মূল্যের পরিবর্তন ঘটতে পারে। পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান চেয়ারম্যান।