বাগমারায় নির্বাচনোত্তর সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় নির্বাচনোত্তর সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ১৫টি বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী কালিকাপুর গ্রামের আবদুল গাফফারের লোকজন সকালে পরাজিত প্রার্থী আয়েন উদ্দিনের কয়েকজন সমর্থককে মারধর করে।এ খবর আয়েন উদ্দিন-নিয়ন্ত্রিত মোহনপুর গ্রামে পৌঁছালে তার সমর্থকেরা বিজয়ী প্রার্থীর সমর্থকদের খুঁজে খুঁজে মারধর করে। একই সঙ্গে তারা ১৫-২০টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করে। ওই মারধরের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আয়েন উদ্দিনের লোকজন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত মোহনপুর গ্রাম নিয়ন্ত্রণ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আয়েন উদ্দিন জানান, এটা নির্বাচনী কোনো বিষয় নয়। তাদের পারিবারিক বিষয়। তেমন কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।তবে আবদুল গাফফারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।একই সঙ্গে উপজেলার বড়বিহানালী ইউনিয়নে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী রফিকুল ইসলাম ও বিজয়ী প্রার্থী রফিকুল ইসলামের লোকজনের মধ্যে হামলা দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।অন্য দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মকবুল হোসেনের লোকজন রামগুইয়া ও খামারপাড়ায় পরাজিত প্রার্থী আকবর হোসেন মল্লিকের সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করে। তাদের হামলায় পাঁচজন আহত হয়।আকবর হোসের মল্লিক দাবি করেন, বিজয়ী প্রার্থীকে ভোট না দেওয়ার অভিযোগে হামলা ও ভাঙচুর করা হয়।এসব সংঘর্ষ ও হামলার বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সব স্থানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।