বাগমারায় পাচারকালে ওএমএসের ১২০ বস্তা চাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় পুলিশ খাদ্যগুদাম থেকে পাচারকালে ১২০ বস্তা ওএমএসের চাল আটক করেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ট্রলিচালককে (একধরনের পরিবহন যান) আটক করলেও পরে ছেড়ে দিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার দিবাগত রাতে বাগমারা খাদ্যগুদাম থেকে পাচার করা ১২০ বস্তা চাল নিয়ে দুটি ট্রলি নিকটবর্তী দুর্গাপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে তাহেরপুর ক্যাম্পের পুলিশ ট্রলি দুটির গতিরোধ করে। এ সময় পুলিশ চালের কাগজপত্র দেখতে চাইলে ট্রলিচালক অসংলগ্ন কথাবার্তা বলেন। একপর্যায়ে চালকেরা জানান, চালগুলো ওএমএসের। ভবানীগঞ্জের ডিলার আবদুল মালেকের কাছ থেকে বিক্রীত চালগুলো দুর্গাপুরের জনৈক চাল ব্যবসায়ীর গুদামে নিয়ে যাচ্ছিলেন। তাঁরা ওই চাল ব্যবসায়ীর নাম বলতে পারেননি। পরে চালসহ তাঁদের আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে চালকদের ছেড়ে দেওয়া হয়।অভিযুক্ত আবদুল মালেক জানান, চালগুলো তাঁর নয়। তিনি কোনো চাল বিক্রি করেননি। তাহেরপুর ক্যাম্পের ইনচার্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ১২০ বস্তা চাল আটকের কথা নিশ্চিত করে জানান, চালগুলো খোলাবাজারে বিক্রির জন্য ছিল। মালিক না পাওয়ায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।