বাগমারায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর মোহনপুর উপজেলা ফুটবল দল ও বাগমারার একতা যুব সংঘের ফুটবল একাদশের মধ্যে ১৯ অক্টোবর প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোনো দল গোল করতে না পারায় অমীমাংসিতভাবে শেষ হয়। খেলার প্রথমার্ধে একতা ফুটবল একাদশ মোহনপুর উপজেলা একাদশকে চাপে রাখে। কয়েকবার আক্রমণ করেও গোল করতে পারেনি একতা যুব সংঘের খেলোয়াড়েরা। দলের অধিনায়ক আফজাল হোসেন কয়েকটি সুযোগ পেয়েও হাতছাড়া করেন। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দলই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে। নির্ধারিত ৯০ মিনিট পার হলেও খেলার কোনো ফলাফল আনতে পারেনি কোনো দলই। নির্ধারিত সময় পার হওয়ার পর পরিচালক (রেফারি) বাঁশি বাজিয়ে গোল শূন্য খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলাটি উভয় উপজেলার মধ্যে অনুষ্ঠিত হওয়ায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত হয়েছিলেন।