বাগমারায় বর্বরতা!
রাজশাহীর বাগমারায় পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা সবাই পলাতক রয়েছেন। আজ শনিবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম সোনিয়া আখতার লাকি (২৪)। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বারইহাটি গ্রামের আবদুস সাত্তারের মেয়ে সোনিয়া আখতার লাকির সঙ্গে একই উপজেলার যোগীপাড়া ডাঙ্গাপাড়া গ্রামের মাইদুলের চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর পরিবার লাকিকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। এর জের ধরে গতকাল শুক্রবার রাতে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। পরে তাঁকে বাড়ির উঠানে এনে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে লাকির শরীর পুড়ে যায়। লাকিকে সেখানে ফেলে রেখে রাতেই বাড়ির লোকজন পালিয়ে যায়। প্রতিবেশীরা গৃহবধূর পোড়া লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে।লাকির বাবা আবদুস সাত্তার অভিযোগ করেন, তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হতো। বারবার যৌতুকের জন্য চাপ দিতেন জামাই ও তাঁর পরিবারের লোকজন। তাঁরাই লাকিকে হত্যা করেছে।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।