বাগমারায় বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দ্বিতীয় শীর্ষনেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী বেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর বাগমারা থানার পুলিশ আজ বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনিসুর রহমান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে কামারবাড়ি গ্রামের বাসিন্দা বেলাল হোসেন পালিয়ে রাজশাহী শহরে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সাদা পোশাকে ভবানীগঞ্জ টেম্পোস্ট্যান্ডে অবস্থান নেয়। পরে বেলাল ওই স্ট্যান্ড থেকে গাড়িতে ওঠার সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় ঘটনাস্থলের পাশেই র্যাবের একটি দলও অবস্থান করছিল। বেলা ১১টায় আদালতের মাধ্যমে বেলালকে জেলহাজতে পাঠানো হয়েছে। কামারবাড়ি গ্রামের ইব্রাহিম হোসেন ২০০৯ সালের ২০ মার্চ চাঁদাবাজি, নির্যাতন ও জঙ্গিকে মদদদানের অভিযোগে বেলালসহ অন্য জঙ্গিদের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় আদালত বেলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলায় বলা হয়, বেলালসহ অন্য জঙ্গিরা এক লাখ টাকা চাঁদার দাবিতে গত ২০০৪ সালের ১ এপ্রিল ইব্রাহিমকে হামিরকুত্সায় তাঁদের টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন করেন। পরে ৫০ হাজার টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, গ্রেপ্তারকৃত বেলাল জঙ্গি নেতা বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ও জেএমবির তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গি তত্পরতায় মদদদানের একাধিক অভিযোগ রয়েছে।