বাগমারায় ভূমি অফিসে ওমেদারদের দাপট
বেতন-ভাতা না থাকলেও যুগ যুগ ধরে কাজ করে আসছেন রাজশাহীর বাগমারার ইউনিয়ন ভূমি অফিসের ওমেদাররা। তাঁরা নিজেদের দপ্তরের দায়িত্ববান ব্যক্তি পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিলেও কোনো প্রতিকার নেই।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারায় সাতটি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। ভূমিসংক্রান্ত কাজগুলো এলাকাভিত্তিক দপ্তরগুলোয় হয়ে থাকে। উপজেলার তাহির একডালা, বড় বিহানালী, তাহেরপুর, বীরকুৎসা, হাটমাধনগর, হাটগাঙ্গোপাড়া ও ভবানীগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসগুলো অবস্থিত। এসব দপ্তরে কাজের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারী থাকলেও মূল কাজ করে থাকেন কথিত ওমেদাররা। তাঁরা নিজেদের স্বেচ্ছাসেবক পরিচয় দিয়ে দপ্তরের কাজ ছাড়াও লোকজনের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।জানা গেছে, ওমেদাররা দীর্ঘদিন ধরে ভূমি অফিসে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতোই দায়িত্ব পালন করে আসছেন। তাঁরা খাজনা আদায়, নামজারি, খারিজ, খতিয়ান নম্বর দেওয়াসহ বিভিন্ন কাজ করে থাকেন। নিয়ম না থাকলেও ভূমি অফিসের মূল্যবান কাগজপত্র নিজেরাই হেফাজত ও নাড়াচাড়া করেন। এসব ক্ষমতার বলে তাঁরা দপ্তরে কাজের জন্য আসা লোকজনের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।ইউনিয়ন ভূমি অফিসগুলোয় গিয়ে এসব ওমেদারকে কাজ করতে দেখা গেছে। তাঁদের কোনো দায়িত্ব না থাকলেও দায়িত্ব পালন করে থাকেন। হাটমাধনগর ইউপি ভূমি অফিসে রয়েছেন চারজন ওমেদার। অনেকে ২০ থেকে ২২ বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। এ দপ্তরের ওমেদার জোনাব আলী (৬০) জানান, তিনি ২০ বছর ধরে এখানে স্বেচ্ছায় কাজ করছেন। তাঁকে দপ্তর থেকে কোনো টাকা দেওয়া হয় না। অথচ এতেই তাঁর চারজনের পরিবার চলে। বেতন না পেয়েও কেন কাজ করছেন, এমন প্রশ্নের জবাবে বলেন, কেউ কেউ বকশিশ দেন। ওই দপ্তরের আরেক ওমেদার আবদুল জলিল জানান, তিনি প্রতিদিন তিন কিলোমিটার দূরে গোড়সার গ্রাম থেকে এখানে আসেন। ১০ বছর ধরে আসেন বলে জানান। সরকারি লোক না হওয়ার পরও কীভাবে কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেন, এমন প্রশ্নের জবাবে বলেন, স্যাররা অনুমতি দিয়েছেন। কোনো সমস্যা হয় না। বেতন ছাড়াই কেন এত দিন কাজ করছেন, জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। ওই দপ্তরে কেবল একজন ইউনিয়ন ভূমি উপসহকারী রয়েছেন।ইউনিয়ন ভূমি উপসহকারী প্রণব কুমার বিশ্বাস জানান, তাঁরা (ওমেদাররা) দীর্ঘদিন ধরে আছেন। তাঁদের প্রতি বিশ্বাস রয়েছে। নিয়ম না থাকলেও তাঁরা কাগজপত্র ঘাঁটাঘাঁটি করলেও কোনো ক্ষতি হয় না। তাঁরা (ওমেদাররা) লোকজনের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে থাকেন বলে স্বীকার করেছেন।মোফাজ্জল হোসেন ও মতিউর রহমান অভিযোগ করেন, ওমেদাররা তাঁদের কাছ থেকে নামজারি করার জন্য ৫০০ টাকা নিয়ে কাজ করে দিয়েছেন। নায়েবের (ভূমি উপসহকারী) কাছে গেলে ওমেদারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। উপজেলা ভূমি অফিসের নাজির আফসার আলী জানান, সব ইউনিয়ন ভূমি অফিসে তিন থেকে চারজন পর্যন্ত ওমেদার রয়েছেন।তাহেরপুরের জামাল, বড় বিহানালীর সেকেন্দার ও একডালার আফসার অভিযোগ করেন, ওমেদারদের কোনো টাকা না দিলে কাজ হয় না। তাঁরা বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা নিয়ে তহশিলদারদের সঙ্গে ভাগবাঁটোয়ারা করেন। তাঁদের এমন অভিযোগ প্রসঙ্গে তহশিলদার মুক্তার হোসেন, প্রণব কুমার বিশ্বাসসহ অন্যরা বলেন, তাঁরা ওমেদারদের কাছ থেকে কোনো টাকাপয়সা নেন না। এর সঙ্গে তাঁরা জড়িত নন। এ ব্যাপারে বাগমারার সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রা জানান, বাইরের কোনো লোকজন ভূমি অফিসের ফাইল নাড়াচাড়া করেন বলে আমার জানা নেই। তিনি দাবি করেন, ভূমি অফিসগুলোয় কোনো ওমেদার নেই।