বাগমারায় ভেজাল সার কীটনাশক বিক্রি হচ্ছে
রাজশাহীর বাগমারার হাটবাজারগুলোয় ভেজাল সার, কীটনাশক ও কৃষিসামগ্রী বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কৃষি অফিস ভেজালবিরোধী অভিযান চালিয়েও দমন করতে পারছে না। এতে উত্পাদন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। কৃষকেরাও প্রতারিত হচ্ছেন। উপজেলা কৃষি অফিস ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগমারার বিভিন্ন হাটবাজারে দীর্ঘদিন ধরে ভেজাল ও নিম্নমানের সার, কীটনাশক বিক্রি হচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী এসব ভেজাল ও নিম্নমানের সামগ্রী বিক্রি করছেন। আর্কষণীয় মোড়কে, বস্তায় ও বোতলে ভরে এসব সার, কীটনাশক বিক্রি করা হচ্ছে। বিভিন্ন সময়ে পরীক্ষাগারে পরীক্ষা করে এসব সার ও কীটনাশকের গুণগত মান নিম্নমানের বলে প্রমাণ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার তাহেরপুর, হাটগাঙ্গোপাড়া, মচমইল, মোহনগঞ্জ, মাদারীগঞ্জ, কালীগঞ্জ, ঝিকড়া, সাকোয়াসহ বিভিন্ন স্থানে এসব সার ও কীটনাশক বিক্রি হয়। খুচরা ও পাইকারি বিক্রেতারাও বিক্রি করে থাকেন ভেজাল সার, কীটনাশক। তবে তাঁদের অভিমত, তাঁরা ভেজাল বা নকল করেন না। বিভিন্ন কোম্পানির লোকজন তাঁদের কাছে সরবরাহ করে থাকে। তারা এগুলোকে মানসম্মত বলে তাঁদের কাছে প্রচার করে। ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আনিছুর রহমান জানান, তিনি বাজার থেকে বিভিন্ন সময় ভিটামিন জাতীয় কৃষিসামগ্রী কিনে ফসলে দিয়ে কোনো ফল পাননি। ব্যবহারের দু-একদিনের মধ্যে গাছ কালো হলেও ফলন ভালো হয় না। তিনি অভিযোগ করেন, বিক্রেতারা ভালো বলে বিক্রি করে থাকেন, তাঁদের কথায় বিশ্বাস করে কিনে ঠকেছেন। নাগপাড়ার চাষি ফয়েজ উদ্দিন বলেন, ‘আমি সব ধরনের ফসল ফলায়, যে পরিমাণ সার ও কীটনাশক ব্যবহার করি, তাতে ফলনের সঙ্গে মিলে না। ফলন খুব খারাপ হয়। মিশ্র সার, হরমোন, জিংক ও দস্তা ব্যবহার করে কেবল টাকা নষ্ট হচ্ছে।’ শ্রীপুরের পেঁয়াজ চাষি আব্দুর রহমানও একই অভিযোগ করেন। তিনি জানান, শুধু সার কিনে না, কীটনাশক কিনেও প্রতারিত হয়েছেন। বাগমারার কুলচাষি ইউসুফ আলী জানান, তিনি গাছের শক্তি বৃদ্ধি ও ফুল রাখার জন্য হরমোন কিনে কোনো সুফল পাননি। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর জানান, বাগমারায় ভেজাল সার, বীজ ও কীটনাশক বিক্রি হয়। তিনি এসবের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন। তিনি স্বীকার করেন, ভেজালের কারণে প্রতিবছর বাগমারায় ফসলের ১০ ভাগ ফলন কম হয়। উপজেলার তাহেরপুরেই সম্প্রতি অভিযান চালিয়ে ভেজাল ও নিম্নমানের সন্দেহে প্রায় ১৫ লাখ টাকার মালামাল জব্দ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এগুলো জব্দ করে পরীক্ষার জন্য ঢাকায় মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অনেকগুলোর ফলাফল পাওয়া গেছে। ফলাফল হতাশাজনক, বেশির ভাগ উপাদান অনুপস্থিত ও তুলনামূলক কম বলে জানান। দেখা গেছে, অধিকাংশ প্যাকেটের গায়ে পুরোপুরি ঠিকানা পর্যন্ত লেখা নেই। সিমপেক্স কোম্পানির ঠিকানা শুধু ঢাকা, বাংলাদেশ লেখা রয়েছে। দেশের কোন স্থানে তৈরি হয়, তা জানা নেই কৃষি বিভাগেরও। একইভাবে আশা এগ্রো, আশরাফ গ্রুপ কেয়ার, রাজীব এগ্রোর আকাশ এগ্রোসহ বেশকিছু কোম্পানির ঠিকানা ঢাকা, বাংলাদেশ লেখা রয়েছে। ঢাকার কোথায়, তা উল্লেখ নেই। এসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় পরিবেশক ও বিক্রেতারা জানান, তাঁরাও চিনেন না। তাঁদের কাছে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এসে মাল দিয়ে যান। এর বেশি কিছু তাঁরা জানেন না বলে জানিয়েছেন। তবে পানপাতা, বেঙ্গল কোম্পানির বাগমারার পরিবেশক তাহেরপুরের ব্যবসায়ী আব্দুস সালাম জানান, তাঁর জানামতে কোনো ভেজাল নেই। কোম্পানির লোকজন এসে তাঁকে মিশ্র সার দিয়ে যায়, এর বেশি কিছু জানেন না বলে জানিয়েছেন।