বাগমারায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নিহত
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি বাজারের কাছে আজ বুধবার ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এলাহী মিঠু (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি, এলাহী মিঠু নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সক্রিয় ক্যাডার। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারার বাজেগোয়ালকান্দি গ্রামে।র্যাব-৫ বাগমারা ক্যাম্প সূত্রে জানা যায়, চরমপন্থীরা উপজেলার গোয়ালকান্দি বাজারের কাছে একটি পুকুর পাড়ে গোপন বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে আজ ভোরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় ১০ মিনিট ধরে তাদের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। পরে র্যাব ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃত এলাহী মিঠুকে পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকে র্যাব একটি শার্টারগান, চারটি গুলি, একটি রামদা, বড় ছোরাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে। র্যাব জানায়, এলাহী মিঠুর দীর্ঘ সাত বছর ধরে আত্মগোপন করেছিলেন। তাঁর বিরুদ্ধে বাগমারা ও আত্রাই থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দান ও অস্ত্র আইনে র্যাবের পক্ষ থেকে বাগমারা থানায় একটি মামলা করা হয়েছে।