বাগমারায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চরমপন্থী নেতা নিহত
রাজশাহীর বাগমারায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে উত্তরাঞ্চলের শীর্ষস্থানীয় চরমপন্থী নেতা আলিমুল ইসলাম রতন (৩৯) ওরফে তিতাস নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার রামরামা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত তিতাস চরমপন্থী দল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) উত্তরাঞ্চলীয় কমান্ডার ও রামরামা গ্রামের আবদুর রশিদ দুখুর ছেলে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, তিতাসের বিরুদ্ধে ২০টি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়। র্যাব বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহজাহান বলেন, উপজেলার রামরামা গ্রামের তাঁতিপাড়ার এক আমবাগানে চরমপন্থীরা গোপন বৈঠক করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। রাত একটার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব তাদের ধাওয়া করলে তারা গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কয়েকটি গুলিবিনিময় হয়। একপর্যায়ে অন্য চরমপন্থীরা পালিয়ে গেলেও একটি বিদেশি পিস্তল, একটি শাটারগান ও বেশ কিছু লিফলেটসহ রতনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত বলে ঘোষণা করেন।