বাগমারায় শিক্ষকের বাড়ি ও দোকান থেকে নেশা দ্রব্য উদ্ধার
রাজশাহীর বাগমারায় এক কলেজশিক্ষকের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব। এ সময় তাঁর দোকানের কর্মচারী আনিসুর রহমানকে (৩০) আটক করা হলেও ওই শিক্ষক পালিয়ে যান। র্যাবের বাগমারা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার (পিপিএম) বলেন, ভবানীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক আস্তানুর রহমান দীর্ঘদিন ধরে অ্যালকোহলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছিলেন। গতকাল শুক্রবার রাতে র্যাবের একটি দল ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান ভবানীগঞ্জ বাজারে আস্তানুর রহমানের দোকানে নেশা জাতীয় দ্রব্য বিক্রির সময় কর্মচারী আনিসুর রহমানকে হাতেনাতে আটক করেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আস্তানুর দৌড়ে পালিয়ে যান। পরে আটক কর্মচারীর স্বীকারোক্তি অনুযায়ী দোকান ও আস্তানুরের তক্তপাড়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৫০০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বাগমারা থানায় শিক্ষক আস্তানুর রহমান ও কর্মচারী আনিসুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেছে। র্যাবের জিজ্ঞাসাবাদে আটক আনিসুর রহমান জানান, শিক্ষক আস্তানুর দীর্ঘদিন থেকে মাদক বিক্রি করছেন। শিক্ষকের নির্দেশেই তাঁরা মাদক বিক্রি করছেন।